আমরা মানুষ| জীবনে চলার পথে পরস্পরের সম্পর্কের অস্তিত্ব অনস্বীকার্য| কিছু সম্পর্ক ক্ষণিকের আর কিছু চিরদিনের| সম্পর্ক রক্তের হোক বা আত্মার কিংবা ভিন্ন কিছুর; পরস্পরের সম্পৃক্ততা ছাড়া আমাদের জীবন অচল| এ সম্পর্কের সূত্র ধরে জীবনে কত কিছুই না ঘটে| অনেকে আপন হয়েও আপন থাকে না| আবার বহু অচেনা পর হয়েও চির আপন| সময়ের আবর্তনে চেনা মানুষগুলোও কেমন পর হয়ে যায়| কখনও অনেক অচেনা মুখ ভেসে ওঠে চিরচেনা অবয়বে|
আমার জীবনটাও এ বিচিত্র ধারাভূক্ত বৈ নয়| থাক সে কথা| তোমার আমার সম্পর্কটা কোন ধরনের বা তুমি আমাকে কেমন ভাব তা ঠিক বলতে পারবো না| তবে এতোটুকু বলতে পারি; হৃদয়ের গহীন কোণে তোমার প্রতি কিসের যেন একটা টান অনুভব করি| কেন এ আকর্ষণ সেটাও ঠিক বলতে পারবো না| ক্ষণিকের পরিচয় কি এতটা আবেগ সৃষ্টি করতে পারে! কেন এত আপ্লুত হচ্ছি আমি!! সেটা কি আদিমানব সূত্রে রক্তের সম্পর্কের জের ধরে না কি অতিমাত্রায় একাকীত্ব অনুভব করার কারণে!!!
হয়তো এগুলোর সমষ্টিই কারণ| পিতৃহারা হয়েও এতটা নিঃসঙ্গ মনে হয়নি যতটা নিঃসঙ্গ মনে হয় নিজেকে ভাই-বোনহীন ভাবলে|
অবশ্য বোন না থাকার বেদনাটাই তীব্র, প্রখর|
একটা বোনের জন্য মনটা হাহাকার করে| একটা সুপ্ত বেদনা, অস্ফুট দীর্ঘশ্বাস, একটি চাপা আর্তনাদ… |
জানি না খুঁজে পাব কিনা তবু খুঁজে ফিরি আমার বোনকে|
থাক, আর নয়| মনের অজান্তে বা অনিচ্ছা সত্ত্বেও অনেক কথা বলে ফেললাম| হয়তো কথাগুলো তোমার কাছে একঘেয়ে লাগছে| বিব্রতবোধ করছো, হয়তো বিরক্তও হচ্ছো কিছুটা| তোমার আমার কীভাবে পরিচয় তা দু'জনের কারুরই অজানা নয়|
'তাজ' আপুর বাল্যবন্ধু তুমি| সে সূত্র ধরে ফেইসবুকে কথোপকথন, হাসি ঠাট্টাচ্ছলে কখন যে এতোটা ঘনিষ্ঠ হয়ে উঠেছি বুঝতেই পারিনি| জানি, আমাদের এই সম্পর্ক জটিল ও দৃষ্টিকটু| কিন্তু কী করবো বলো? জীবনভর যে দুঃখ লালন করে আসছি বুকে হঠাত্ִ প্রশান্তির বৃষ্টির মত তুমি এসেছিলে আমার জীবনে, আমি পাগলের মত ছুটে গেছি তোমার হাতছানিতে|
আমার এই অস্থিরতা, এই উন্মাদনা কতটুকু বৈধ আমি জানি না| ক্ষুদ্র পতঙ্গ যখন আগুনে ঝাঁপিয়ে প'ড়ে আত্মহুতি দেয় তখন সে এটা বুঝেই ঝাঁপিয়ে পড়ে যে তার মৃত্যু হবে| কিন্তু যে আগুন সে জ্বেলেছিল বুকে তা তো কেবল নিবারণ হবে মোমের আগুনে| আমি জানি, আমার অপরাধ হয়েছে| তবে দুঃখ কেবল এখানেই শেষ না, তোমাকে যে কখনও দেখিনি, কথাও হয়নি তোমার সাথে!
জানি না, তোমার সাথে কখনও দেখা হবে কি না! হয়তো ওই কন্ঠস্বরটাও শুনতে পাবো না কোনদিন| তবে একটাই অনুরোধ, ভুলো না তোমার এ ছোট্ট ভাইটিকে|
(আমার এ লেখাটি একান্তই চামেলি আপুর জন্য লেখা| এমনিতে আমার লেখালেখি অভ্যাস নেই| তবে এটা লিখেছিলাম একান্তই আবেগের বশবর্তী হয়ে|
এটাকে ঠিক লেখা বলা যায় না| পাঠক এটাকে চিরকুট বলতে পারেন কিংবা চিঠি অথবা অন্য কিছু| নামকরনটা নাহয় পাঠকের ওপরই ছেড়ে দিলাম| তবে আমি চিরকুট হিসেবেই স্বীয় হস্তাক্ষরে লিপিবদ্ধ করে [একটি বইসহ] কুরিয়ার করেছিলাম আপুকে| লেখাটায় আমার মনজগতের খানিকটা ভাবনা ফুটিয়ে তোলার ব্যর্থ চেষ্টা করেছি| অবশ্য এ পোস্টে প্রকাশিত লেখাটির সাথে আপুকে পাঠানো চিরকুটটির খানিকটা অমিল বিদ্যমান আছে| কিছুটা পরিবর্তন ও পরিমার্জনের পর এটি প্রকাশ করলাম|)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



