ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তথ্য সংগ্রহ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশের পিটুনিতে আহত হয়েছেন দুই সাংবাদিক।
শনিবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে মারধরের শিকার হন সাংবাদিক মাসুম বিল্লাহ ও পিন্টু রঞ্জন।
তারা জানিয়েছেন, নববর্ষের দিনব্যাপী অনুষ্ঠানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছিল কি না, তা জানতে রাত ৯টার দিকে নিয়ন্ত্রণ কক্ষে গেলে কয়েকজন পুলিশ সদস্য অকারণেই তাদের ওপর চড়াও হয়।
বাংলা নতুন বছরের অনুষ্ঠানগুলো নির্বিঘœ করার বিষয়টি সোহরাওয়ার্দী উদ্যানের ফটকে ওই নিয়ন্ত্রণ কক্ষ থেকে তদারক করা হচ্ছিল।
দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় সংবাদদাতা মাসুম এবং কালের কণ্ঠের প্রদায়ক পিন্টুকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়।
মাসুম ও পিন্টু জানান, সাংবাদিক পরিচয় দেওয়ার আগেই কনস্টেবল শাহজাহান, শাহানুর ও সুমিতসহ কয়েককজন পুলিশ সদস্য তাদের লাঠি দিয়ে পেটায় এবং বুট দিয়ে লাথি মারে।
পোশাকে নাম ফলক দেখে কয়েক জনের নাম জানতে পেরেছেন বলে দুই সাংবাদিক জানিয়েছেন।
দুই সহকর্মী আহত হওয়ার খবর ক্যাম্পাসের সাংবাদিকরা সঙ্গে সঙ্গে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিককে ঘটনাটি জানান।
পুলিশের আচরণের সমালোচনা করে তিনি বলেন, “যেখানে সাধারণ সব মানুষের তথ্য পাওয়ার অধিকার রয়েছে, সেখানে এরা তো সাংবাদিক।”
ঘটনাটি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে জানিয়ে উপাচার্য বলেন, তারা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
অভিযোগের সত্যতা পাওয়ার কথা স্বীকার করে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার কৃষ্ণপদ রায় সাংবাদিকদের বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে।”
দায়ী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাংবাদিকদের লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআরবি/এমআই/২৩১৬ ঘ.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




