আজ এক ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে ‘নতুন ধারার’ সরকার গঠন করবে (বিডিনিউজ২৪ডটকম)।
বাংলা ভাষায় অনেক ধারা আছে, কিন্তু নেই ধারাবাহিকতা। তারপরও ধারা থেমে নেই। শিশুশিক্ষার ধারাপাত অতিক্রম করে মাধ্যমিকের বাগধারা পেরিয়ে অঝোর ধারা, গতিধারা, মূলধারা, অন্য ধারা, পরাজয়ের ধারা, উত্তেজনার ধারা, বিকল্প ধারা, করুণা ধারার মত অজস্র ধারায় আমাদের পথ চলা অব্যাহত রয়েছে।
আইনের ধারা বিপথে, ১৪৪ ধারা, ৫৪ ধারা ঝর্ণা ধারার মত বইছে। এদিকে শ্রাবণেও দেখা নেই বৃষ্টি ধারা।
মুক্তধারার মত সব ভেঙ্গেচুড়ে বাইরে আসার ডাক নেই, আছে পারস্পরিক আক্রমণের ধারা, শিক্ষা দেওয়ার ধারা।
গণতান্ত্রিক ধারা মুখ থুবড়ে পড়ার উপক্রম, উন্নয়নের ধারা পথহারা। জাতীয় রাজনীতিতে স্পষ্ট বিভেদের দুই ধারা। ইতিবাচক ধারা অব্যাহত রাখার অঙ্গীকারহীন দেশ। এ পরিস্থিতিতে কে বদলাবে জীবন ধারা?
এর মধ্যে বেগম খালেদা জিয়া আগামীর 'নতুন ধারা'র সরকারের বয়ান দেয়া শুরু করেছেন। এমন অবস্থায় গাইতে ইচ্ছে করছে রবিঠাকুরের ভাষায়-আমার সকল রসের ধারা, তোমাতে আজ হোক-না হারা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

