ভূমিকাঃ -------------------
সব লেখার ভূমিকা থাকে না। থাকতে নেইও। আনন্দ অথবা ব্যথা তো আর পূর্বাভাস মেনে আসে না। যে লেখার জন্ম আনন্দ পাওয়া বা ব্যথার নকশায় আর একটু কারুকাজ যোগ করার জন্য। তার ভূমিকা যে থাকবেনা এ নিয়ম চিরায়ত।
(১)

শিকল পরা আকাশ আমার
প্রতিদিন দিয়ে যায় সফলতার আশ্বাস,
এভাবেই কত ‘আজ'
হয়েছে যে ব্যর্থ 'গতকাল'।
(২)

ভয়ংকর কালো, উসৃঙখল গেরুয়া অথবা মৌন নীল যে বেশেই আসো।
তোমার প্রসারিত বাহুতে আমার উদ্ভট নেশা,
দুঃখজনক।
আমি অথর্ব।নিশ্চল।
(৩)

সারা রাত অপেক্ষায় থেকে
বর্ণহীন কষ্টগুলোকে কাজলে ঢেকে,
ঝরে গেছে ভোরে
ক'ফোঁটা শিশির বুকে করে।
(৪)

শুধু ওড়ার বাসনাই জানে, কতখানি নীল বিষ আছে বন্দিত্বের নিশিদিনে।
(৫)

জ্যোৎস্নার প্রান্তরে বিষাদের কালো? নাকি প্রশান্তির ছায়া?
বড় চাতূর্যপূর্ণ এ পৃথিবীর মায়া!
(৬)

বয়স বাড়ছে। হৃদয় পুরানো হচ্ছে।
আস্তরণ পড়ছে। ধূলোর নয়। পাপের।
বৃষ্টি দরকার। পাপবোধের। অনুশোচনার।
জোয়ার বয়ে যাক। নিঃস্বার্থতার।
ফুলের জীবনচক্র ভীষণ নিঃস্বার্থ। হয়ত তাই।
পবিত্রতার উপমাতে ওর ব্যবহার হয়।
(৭)

নীরবতা কথা বলে যখন শব্দরা হার মানে,
একাকিত্বও শান্তি দেয়, হৃদয় পুড়লে অভিমানে।
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



