পাঁচ তারকা এক হাসপাতালের বিল কাউন্টারে দাঁড়িয়ে আছি...কাউন্টারে বেশ ভীড়...আর দুদিন পরেই ঈদ...ঈদের আগে হাসপাতাল থেকে ছাড় পাওয়া রোগীর স্বজনদের মুখে বেশ স্বস্তির ভাব ফুটে উঠেছে...আমার সামনেই দাঁড়ানো এক যুবক...তার রোগীর মোট বিল জানতে এসেছে ছেলেটি...কাউন্টারের কাঁচে নাক ঠেকিয়ে ছেলেটি তার মোট বিলের পরিমান জানাতে চাইলো...ওপাশ থেকে টাই পরা কেতাদূরস্ত ক্যাশিয়ার টাকার অঙ্কটা বলতেই ছেলেটির মুখ অন্ধকার হয়ে গেলো...খুব ভয় পাওয়া মানুষের মুখ যেমন ফ্যাকাশে হয়ে যায় ওর মুখটা দেখে আমার সে রকমই মনে হলো...আমি ওর দিকে তাকিয়ে বোকার মতো একটু হাসার চেষ্টা করলাম...
ছেলেটি আমার দিকে তাকিয়ে অবাক হয়ে চট্টগ্রামের আঞ্চলিক টানে বললো, ভাই এখানে আইসিইউর বেড ভাড়া লেখা আছে ৯,৫০০ টাকা...সেই হিসেবে দুইদিনে অামার বিল তো হওয়ার কথা ১৯ হাজার টাকা...কিন্তু কাউন্টার থেকে বলছে আমাদের বিল হয়েছে ২ লাখ ২৬ হাজার টাকা...
আমি জবাব দেওয়ার আগেই কাঁচের ওপাশ থেকে ক্যাশ কাউন্টারে বসা ছেলেটি যন্ত্রের মতো কলকল করে বললো, দুঃখিত স্যার অাপনার বিল ২ লাখ ২৬ হাজার নয়, আপনার মোট মোট বিল ২ লাখ ৩৪ হাজার টাকা!!! আর আপনাকে আমি বিলের ডিটেইল প্রিন্ট দিয়ে দিচ্ছি তাহলেই বুঝবেন কেনো এতো বিল...কথাগুলো শুনে যন্ত্রের মতো মাথা নাড়ে ছেলেটি...
ফ্যাকাশে মুখের ছেলেটির দিকে আমার আর তাকাতে সাহস হয় না...আহারে এতোগুলো টাকা ছেলেটি এখন কোথা থেকে জোগাড় করবে??? ওদের বাড়িতে কি এবার ঈদ নামক কোন উৎসবের ছোঁয়া লাগবে??? এই পৃথিবীতে মধ্যবিত্ত হয়ে জন্মানোর মতো বড়ো অভিশাপ মনে হয় আর কিছু নেই...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




