আমি নেশা করিনা। সিগারেটের গন্ধে বমি আসে। একবার বাসে এক লোক সিগারেট টানছিল বলে তার সাথে হাতাহাতি পর্যন্ত হয়ে গিয়েছিল। বেড়ানোর জায়গা হিসেবে কুষ্টিয়া আমার খুব পছন্দের একটা জায়গা। কিন্তু সেখানকার মূল আকর্ষণ লালন ফকিরের আস্তানায় যেতে পারিনি গাঁজার গন্ধ সহ্য হবেনা ভেবে। একজনের কাছে শুনেছি সেখানে বাউলেরা কল্কিতে গাঁজা ভরে যে সুখটান দেয়, সেটাকে বলে সিদ্ধি টানা। এই নামের রহস্য কি জানতে চাইলে সে বলল, গাঁজাকে ওরা সিদ্ধি লাভের হাতিয়ার হিসেবে ব্যবহার করে। গাঁজা টানলে যে ভাব আসে, তা ব্যবহার করেই দেহতত্ত্বের নানান অনুষঙ্গ তৈরি হয়, যা কোন শুভক্ষণে গান হয়ে বৈরাগীর মুখে প্রকাশ পায়।
যাই হোক, আমি কোন দিন গাঁজা খাইনি। কিন্তু গাঁজা খেলে কেমন লাগে সেটা টের পেয়েছি একটা গান শুনে। ট্রেনে ঢাকা যাচ্ছিলাম। বোরিং সময় কাটাতে কানে হেডফোন লাগিয়ে ইউটিঊব ছেড়ে দেই। কিভাবে চাপ লেগে যেন একটা গান চালু হয়ে যায়। গানের প্রথমটা বিরক্তি লাগলেও একসময় কেমন যেন নেশা ধরে গেল। শুনে যেতে লাগলাম। এর মধ্যে ভলিউমও একটু বাড়িয়ে দিলাম। পাঁচ সাত মিনিট পরে গান যখন শেষ হল, কেমন যেন থ মেরে বসে রইলাম। গানও এরকম হয়। মাথার মধ্যে যেন একটা ঝাঁকুনি দিয়ে গেল। দুই মিনিট কোন বোধ কাজ করলনা। চোখেও ফ্যাকাশে দেখতে শুরু করলাম। সামনে বসা ভদ্রলোক আমাকে জিজ্ঞেস করলেন, আপনি ঠিক আছেন তো? আমি যদিও ঠিক ছিলাম না, কিন্তু হাসিমুখে জানান দিলাম, ঠিক আছি।
শুনেছি নেশা করলে নাকি এরকম হয়। আপনারা কেউ কি নেশা করেছেন? বিশেষ করে গাঁজা টেনেছেন? আমার খুব জানতে ইচ্ছে করছে গাঁজা টানলে আসলে কেমন লাগে? ঐ সময়ের অনুভূতি আমার কাছে লাগছিল একদম গাঁজা টানার মত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

