বাসায় অনুষ্ঠান করে জন্মদিন পালন করার ব্যাপারটা কখনোই ছিল না । কারণ আমার অত্যন্ত রাগী স্বভাবের দাদা এসব একেবারেই অপছন্দ করতেন । তারপরও কিভাবে কিভাবে যেন, আমার ষষ্ঠ জন্মদিনে বাসায় বিশাল অনুষ্ঠানের আয়োজন হয়ে গেলো । যে বাড়িতে কখনও একটু জোরে গানও বাজতো না, সেখানেই বিরাট কেক, জরি-রংবেরঙের বেলুনে চারপাশ সাজানো, আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত করায় গভীর রাত পর্যন্ত বাড়ি মানুষজনে সরগরম ..... সব মিলিয়ে হুলস্থুল কাণ্ড । বাসা ফাঁকা হলো ১১.৩০টার পর । ততক্ষণে গিফটের বেশ ভালো একটা স্তূপ হয়ে গেছে । বসলাম নিয়ে সব । খেলনা , অ্যালবাম, মগ, শো পিস, ডাইরি সহ নানা জিনিস । র্যা পারের নিচে পিচ্ছি আমার হারিয়ে যাওয়ার অবস্থা । একেবারে নিচের দিকে পেলাম দুইটা বই; ঠাকুরমার ঝুলি আর রাজ্যে রাজ্যে ভারতীয় লোক কথা ।
দ্বিতীয় বইটা উপহার দিয়েছিলেন ছোট কাকুর ঘনিষ্ঠ বন্ধু সাহাদাত কাকু । সুন্দর মলাটের চিকন বইটা দেখেই খুলে পড়তে বসে যাওয়ার ইচ্ছা হলো । কিন্তু তখন আমার পড়ার দৌড় বানান করে পড়াতে সীমাবদ্ধ বলে ওকাজে এগোনো গেলো না । নেড়েচেড়ে দেখলাম , মলাটের পিছনের পাতায় অতি প্যাঁচানো হাতের লেখায় কি লেখা হয়েছে কিছুই বুঝলাম না । বইটা চলে গেলো ঘরের শেলফে আপুর পড়ার বইয়ের তলায় । মোটামুটি ভাবে পড়তে পারলাম ক্লাস ফোরে উঠে । কিন্তু তখনও ওই প্যাঁচানো হাতের লেখার অর্থোদ্ধার আমার দ্বারা সম্ভব ছিল না । মাঝে মাঝে চোখের সামনে ধরে চিন্তা করি এগুলো আসলে কোন ভাষার লেখা !? বাংলা না চাইনিজ ? অর্থোদ্ধার করা সম্ভব হলো যতদূর মনে পড়ে সিক্সে উঠার পর ।
“ শাহাজাদা খালিদের জন্মদিনের খাবার খেয়ে সাহাদাত নিশ্চিন্ত মনে বাড়ি রওনা হলো । পথিমধ্যে রাত হয়ে যাওয়ায় শুরু হলো বিপত্তি । বনের মধ্যে দেখা হলো এক ভুতের সাথে , নাম তার সাইদুর গাজী ( আমার প্রিয় ছোট কাকু ) । সাহাদাতের কোন ভয় নেই, সে হলো রাজার অতিথি । সে বলল ব্যাটা গাজী তুই একটা পাঁজী, রাজা জানলে তোকে শিক্ষা দেবে আজি । এই শুনে ভূত পালালো এবং সাহাদাত মনের আনন্দে বাড়ী ফিরে চলল । “
জীবনে পাওয়া শ্রেষ্ঠ উপহারগুলোর কোন তালিকা আমি যদি কখনও করি হয়তো এই বইটাকে আমি অবশ্যই একেবারে প্রথম দিকে রাখবো , কারণ শুরুর দিকের প্যাঁচানো অক্ষরের কথাগুলো আমার মনে যে ছোটবেলা থেকে কত গভীর ভাবে জ্বলজ্বলে অক্ষরে চিরস্থায়ী হয়ে বসে আছে তা লিখে বুঝানো সম্ভব না । নিজের কাছে আমি নিজে কেমন তা অনেকখানিই ছোট বেলা থেকে ঠিক করে দিয়েছে ওই লাইনগুলো । এই লাইনগুলো যে আমি আজও সমান মুগ্ধ হয়ে পড়ি তা সাহাদাত কাকুকে জানানোর কোন উপায় নেই । তার সাথে আমার খুব বেশি দেখা হয় নি , কথা হয়েছে হাতে গোনা দুই একবার । তবুও তিনি আমার কাছে খুব বিশেষ একজন মানুষ , খুব বিশেষ একজন । মনে তার অবয়ব অমায়িক , সুদর্শন একজন মানুষ যাকে দেখলেই যে কারো মনে হবে খুব-ই ভালো মনের একজন মানুষ, যিনি প্রায় সব কথা কথা বলার আগেই সুন্দর করে একটু হাসতেন । এই তার জন্য জন্মদিনের দিনটা আমার কিছুটা বিষণ্ণ কাটছে শেষ কয়েক বছর যাবত ।
আমার জীবনের সব আনন্দময় ঘটনাগুলোর সাথেই প্রচণ্ডতম মন খারাপের কিছু না কিছু মিশে যায় । সাহাদাত কাকুর জীবনের শেষের দিকের দিনগুলো খুব কষ্টে কেটেছে । তার বয়স ছিল কতই বা তখন আর ? চল্লিশেরও বহু কম । অথচ এই বয়সেই একদিন বাস থেকে নামার এক দুর্ঘটনা ঘটলো । ডাক্তারের কাছে নেওয়ার পর দেখা গেলো তার একটা পায়ের হাড় কোমরের নিচ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে । কাকুদের আর্থিক অবস্থা ভালোই ছিলো , দেশ বিদেশের অনেক জায়গাতেই চিকিৎসা করানো হলো । কিছুই হলো না । পা থেকে আস্তে আস্তে ইনফেকশন ছড়াতে থাকলো সাড়া শরীরে .........
কাকু মারা গেছেন বেশ কয় বছর হয়ে গেলো প্রায় । পৃথিবীতে যে মানুষগুলোর বেশীদিন থাকা উচিত তারাই বড় তাড়াহুড়া করে চলে যান । ছোট কাকুর একদিন তাদের বাসায় গিয়েছিলাম । পরিবার চিকিৎসার খরচ চালাতে চালাতে প্রায় সর্বস্বান্ত । অসম্ভব সুন্দর ছোট ছোট দুইটা বাচ্চা মেয়ের একটা এখনও বুঝেই না তার বাবা পৃথিবীতে আর নেই । তার বাসায় সেদিনের পর আর কখনও যাই না, কষ্ট লাগে খুব । সদ্য যুবকের চোখে পানি চলে আসার মত কষ্ট ।
অনেক লিখে ফেললাম, আমার মনের গভীরের একান্তই নিজের একটা দুঃখের অনুভূতি ।
কাকুর জন্য সবাই দোয়া করবেন যেন তিনি যেখানেই থাকুন না কেন যেন ভালো থাকেন । আর আমার জন্যেও দোয়া করবেন যেন জীবনে একটা অন্তত পরিপূর্ণ আনন্দময় সমাপ্তির কোন ঘটনা ঘটে । ......... কাকুর পক্ষ থেকে নিজকেই নিজে একটা শুভেচ্ছা জানাই ।
শুভ জন্মদিন শাহাজাদা খালিদ রহমান

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


