আবু বকর সিদ্দিকী অক্ষত অবস্থায ফিরে এসেছেন . . . .সেজন্যে আল্লাহর কাছে হাজারো শুকরিয়া ।
সবাই কিন্তু ফিরে আসে না । আরেকটু স্পষ্টভাবে বললে হারিয়ে যাওয়া মানুষদের প্রায় কেউ-ই এখন আর ফেরে না । যাদের হারিয়ে যাওয়ার খবর আমাদের কানে পৌছয় তাদের জন্যে কিছুদিন একটু হা-হুতাশ করি ,ব্যস । তারপর ভুলে যাই । নতুন নতুন ইস্যু চলে আসে সামনে । ৯০ কোটি টাকায় জাতীয় সঙ্গীতের রেকর্ড করি , দেশে টি২০ বিশ্বকাপ শুরু হয় , সানি লিওনের সোনার সংসার ভাঙ্গন ধরে , সালমান খান তো বিয়েই করছেন না, মুসা ইব্রাহিমকে এভারেস্টের চূড়া থেকে ডিগবাজি খাইয়ে আমদের তিব্বতের মাটিতে হিড়হিড় করে টেনে নামাতেই হয় , রিয়াল মাদ্রিদ - বার্সেলোনার খেলায় রেফারি নির্লজ্জর মতো পক্ষপাতিত্ব করে যা মেনে নেওয়া কোন বিবেকবান মানুষের পক্ষে সম্ভব না, মেসি - রোনালদোর মধ্যে ব্যালন ডি অর নিয়ে কে পাবে তার জন্যে ঝগড়া করতে আমাদের দাঁত শানাতে বসতে হয় . . . . . ইত্যাদি । এসবের ভিড়ে কে কোথায় হারালো তার খবর রাখতে যাওয়ার মতো অবসর আমাদের কমে আসে দ্রুত ।
সুরঞ্জিত সেনগুপ্তের সেই ড্রাইভারটার কথা মনে আছে , যে গাড়ি ভর্তি ঘুষের টাকা বিজিবি-র হাতে ধরিয়ে দেয়ার পর গুম হয়ে গিয়েছিলো ? সে কিন্তু আর ফিরে আসি নি । সাংবাদিকরা প্রায়ই সুরঞ্জিত সেনগুপ্তের নানা কথা বার্তা ছাপান । কই তারা তো কখনো নিজেদের মধ্যে একটু পুরুষত্ব জাগিয়ে খুব ভদ্রভাবে হলেও তার কাছে জানতে চাইলেন না , " স্যার , ঐ লোকটাকে কি আসলেই আর পাওয়া যাবে না ? কিছু জানুন আর না জানুন , আপনার সিক্স সেন্স অন্তত কি বলে ? "
কিংবা আহসানউল্লাহর যে কয়েকটা ছেলে সমুদ্রে হারিয়ে না ফেরার দেশে চলে গেলো ? পর্যটন কর্পোরেশন সবদিক দিয়েই সুশ্রী এক বিদেশীনির আনন্দ উচ্ছ্বাস দেখিয়ে বিশ্বব্যাপী প্রচার করে যাচ্ছে " Welcome to beautiful Bangladesh. . . School of life. Admission going on" , কিন্তু তারা তো ৫০০টাকা খরচ করে চার শব্দে " এখানে নামবেন না । বিপদজনক " লিখে একটা সাইনবোর্ড পর্যন্ত লাগায় নি সৈকতে । লাগালে এতো অল্প বয়সেই কী মানুষগুলো হারিয়ে যেতো ? যেতো না ।
এবার আমি যে উদাহরণ টানবো তাতে আপনি নিশ্চিত নাক সিঁটকাবেন । বলবেন- " ইলিয়াস আলী তো বি এন পি করতো । এ আবার মানুষ নাকি ? " কথার পিছনে হয়তো আসলেই যুক্তি আছে । কারণ আওয়ামী লীগের কেউ হারালেও বিপরীত মতাদর্শের সবাই ঠিক ঐ কথাটাই বলবে । কিন্তু আমারা যারা মানুষের মানুষ পরিচয়ের আগে তার রাজনৈতিক পরিচয় কে সামনে আনি তারা নিজেরা এখনো মানুষের কাতারে আছি তো ? আমার পরিচিত এক বয়স্ক লোকের কথা অনুসারে আমরাও মানুষের কাতারে নেই । কুত্তার কাতারে চলে গেছি ( নাকি আরও নিচে ? ) ।
আচ্ছা ইলিয়াস আলীর কথা থাক । দেশে আরও যে অগনিত মানুষ কিছুদিন পরপর গুম হয়ে হারিয়ে যাচ্ছে , তাদের কথা? তাদের অনেকের হারানোর খবর তো আমাদের কানে পৌছয়ও না । পৌছলেও আমরা দ্রুত গা সওয়া হয়ে যাই । যেমন হয়ে গেছি রানা প্লাজার ১১৪৩টা মানুষের দুনিয়া থেকে অদৃশ্য হয়ে যাওয়া নিয়ে । প্রচার করা হয় এটা নাকি দূর্ঘটনা । কিভাবে? আমি তো দেখি ঠান্ডা মাথার খুন ।
দেশে এখন মুখ খুললেই বিপদ । গুম হয়ে যেতে হয় । আমাকেও হয়তো কোন একদিন বাড়ি ফেরার পথে বা বাড়ি থেকেই গুম হয়ে যেতে হবে । আমি তেমন গুরুত্বপূর্ণ কেউ না , বিয়ে করিনি বলে আমার এমন কোন ক্ষমতাবান স্ত্রীও নেই যার জন্যে প্রধাণমন্ত্রী নিজে আদেশ দেবেন আমাকে খুঁজে বের করতে এবং আমি ৩৫ ঘন্টার মধ্যে অক্ষত ফিরে আসবো এমনটাও দৃঢ়ভাবে আশা করতে পারছি না । আমাকে পাওয়া যাবে হয়তো বুড়িগঙ্গায় বা ত্বকীর মতো শীতলক্ষ্যায় ভাসন্ত অবস্থায় । আমি জানি আপনারা অনেকে কোন কারণ ছাড়াই আমাকে বেশ পছন্দ করেন , স্নেহের দৃষ্টিতে দেখেন , কিন্তু প্লিজ আমাকে নিয়ে চেঁচামচি করার বিন্দুমাত্র চেষ্টা করবেন না । মানববন্ধন - ফন্ধন, অনশন , ফেসবুক , ব্লগে , সংবাদপত্রের পাতায় কোন লেখা-লেখি, প্রতিবাদ সমাবেশ; কোন কিছুরই প্রয়োজন নেই । কারণ এসব অর্থহীন , কিছুই হবে না , আমি দেখার মতো অবস্থায়ও থাকবো না । প্রতিদিন দেখছি দেশে জীবনের কোন নিরাপত্তা নেই , কিন্তু জীবিত থেকেও এই অবস্থার পরিবর্তনে আমি কিছুই করতে পারছি না । আমি শুধু দেখছি । কাজেই আমাকেও যদি কখনো হারিয়ে যেতে হয় ভাববেন সেটাও আমার প্রাপ্যই ছিলো । কারো প্রাপ্য কেউ বুঝে পেলে সেটা নিয়ে হৈ চৈ এর তো কিছু নেই ।
আপনিও কিন্তু আমার মতোই চুপ করে দর্শক হয়ে সব চোখ মেলে দেখছেন । আপনি হারিয়ে গেলেও আমি কখনো তা নিয়ে কোন অভিযোগ অনুযোগ করবো না । আই প্রমিজ ।
কারণ ভবিষ্যত্ এর সেই সময় তো আপনিও আপনার ন্যায্য প্রাপ্যটাই ঠিকঠাক মতো বুঝে পাবেন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



