
প্রতিরাতে প্রায় অর্ধকোটি পোকামাকড়ে গিজগিজ করে আমার ঘর।
আমি নিজেকে কাফকার আরশোলা কিংবা ওরকম কিছু একটা ভেবে নেই।
তারপর তাদের সাথে মিছিলে নামি।
হাসি, গান গাই, আনন্দ করি এবং একসময়
এক ছটাক ঘুম এসে আমাকে ক্লান্ত করে দিলে,
ঘুমের কাছে বিক্রি হই।
স্বপ্নে; আমি আবার আরশোলা হই;
কাফকার আরশোলা কিংবা
ওরকম কিছু একটা।
বেশ লাগে;
রাতটুকু কেটে যায়।
সকালে ঘুম ভাঙতেই যখন মানুষ হয়ে উঠি এবং দেখি
ঘরটা পোকামাকড়হীন; শূন্য।
তখন আমারো নিজেকে ভীষণ শূন্য মনে হয়।
আমার কল্পনায় তখন অর্ধকোটি পোকামাকড় কেবলি হাতছানি দেয়।
আর আমি তাদের মধ্যে মিশে যাই
কাফকার আরশোলা কিংবা আরশোলার চোখে কাফকার মতো।
ফটোঃ গুগোল
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




