নিউ ইয়র্ক দুনিয়ার অন্যতম ব্যাস্ততম শহর। বলা হয় The City that never sleeps! এরই মাঝে এবার মিলে গেলো এক ছুটির দিনে পিকনিকে যাওয়ার সুযোগ। শহরের সীমানা ছেড়ে প্রায় ৫০ মিনিটের রাস্তা দূরে ডিয়ার পার্ক শহরের এক পার্ক, বেল্টন লেক স্টেট পার্ক। এক গাড়িতে ৮ জন মিলে দুপুরের পর পর পোঁছলাম ডিয়ার পার্ক শহরে। ছোট্ট সুন্দর ছিমছাম শহর। এক আরবি দোকানে আগেই অর্ডার করা ছিল কাবাব রুটি ইত্যাদি। সাথে নিয়ে আসা হয়েছিল পানি, কোক, ফলমূল আর ডিস্পোসেবল প্লেট, বাটি, চামচ, ন্যাপকিন ইত্যাদি।
খাবারগুলো তুলে নিয়ে সোজা চলে এলাম পার্কে। পার্কিং লটে ইতিমধ্যেই দেখলাম বেশ অনেক গাড়ি। পার্কিং ফী অনেকটাই সহনীয়, ৮ ডলার, যতক্ষণ না বের হবেন। একবার বেরিয়ে গেলে আবার ঢুকতে ৮ ডলার দিতে হবে।
পার্কটা বেশ বড়, সুন্দর আবহাওয়ার সুযোগে দেখলাম প্রচুর লোক বেড়াতে এসেছে, শুধুই বেড়ানো বললে ভুল হবে, প্রায় সবাইকে দেখলাম দলবলে এসেছে, সঙ্গে খাবার দাবার নিয়ে এসেছে, অর্থাৎ আমাদেরই মত পিকনিক করতেই এসেছে। চারি দিকেই গাছের নিচে কিছু দূর দূর বসার বেন্চ - টেবিল। কোথাও ছোট ছোট ৫-৭ জনের গ্রূপ, হয়তোবা এক বা দুই ফ্যামিলির লোক , আবার কোথাও ১৫-২০ জন। এক জায়গায় দেখলাম প্রায় জনা ৫০-৬০ হবে, মনে হলো কোনো এসোসিয়েশনের পিকনিক। বড়োরা বসে গল্প গুজব করছে, বাচ্চারা করছে ছুটাছুটি।
আমরাও দুটো খালি বেঞ্চ-টেবিল খুঁজে নিয়ে বসে পড়লাম। কাবাব রুটি গরম থাকতে থাকতেই খেয়ে নেয়া উত্তম, তাই আর দেরি না করে প্রথমেই খাবার পর্ব শেষ করে নিলাম। এবার বেরোলাম অদূরে লেক দেখতে। বেশ বড় লেক, লেকও পার্কেরই অংশ, পার্কের দিকে পাড়টা সুন্দর করে বাঁধানো। ওপারে নীল আকাশে হেলান দিয়ে আছে ঘন সবুজ বন ! বেশ সুন্দর টলমলে পানি, হাঁসেরা ভেসে বেড়াচ্ছে। কিছু লোককে দেখলাম বোট নিয়ে লেকে ঘুরাঘুরি করছে।
একপাশে দেখলাম একটা মাঠ, একদল লোক মনে হলো কোনো খেলাধুলার আয়োজন করেছে, পাশে ছোট ছোট তাবু, ভিন্ন ভিন্ন রঙের। আছে ছোট বাচ্চাদের জন্য প্লে গ্রাউন্ড, দোলনা, স্লিপ !
বেলা গড়িয়ে বিকেলের তাপহীন রোদ ধীরে ধীরে পরিবেশটাকে করে তুলেছিল আরো মনোমুগ্ধকর ! কিন্তু ততক্ষনে ফিরার সময়ও ঘনিয়ে আসছিলো। সবকিছু গুছিয়ে নিয়ে পার্ক থেকে যখন বেরিয়ে এলাম তখন বেলা প্রায় সাড়ে ৫ টা। মনে হলো ব্যাস্ত সময়ের ভিতর একটা ছুটির দিন বেশ কাটলো!



সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



