তুমি কি দেখছো কভূ শ্রাবনের পরাজয়
খরার দহনে নদীর রোদনে তিলে তার ক্ষয় . .
হ্যা, এভাবেই এখন গানটা গাইতে মনে চায়। এখন আর আষাঢ় শ্রাবনে আমার একটি প্রিয় কবিতা রবি ঠাকুরের নীল নবগনে আষাঢ়গগনে তিল ঠাই আর নাহিরে/ ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে/ বাদলের ধারা ঝরে ঝর ঝর/ আউশের ক্ষেত জলে ভরভর . . . আবৃত্তি করতে মন চায় না। এটা এখন আমার কাছে বড্ড সেকেলে। মনে হয় যাদুঘরে রাখার উপযুক্ত হয়ে গেছে। আগত প্রজন্ম জানতে পারবে চিরায়ত বাংলার বর্ষাকাল এ রকম ছিল একদিন। আজ শ্রাবনের সাতাশ তারিখ। কিন্তু আমরা বর্ষা পেলাম কই।
এইতো পাচ-সাত বছর আগেও দেখেছি শ্রাবনের এ দিনগুলোতে লাগাতার বৃষ্টি, সাত দিন দশদিন পর্যন্ত। মানুষ বিরক্ত হয়ে যেত। যেদিন সূর্য দেখা যেত সেদিন আমরা খূব খুশী হতাম। পেশাদার গৃহিনীরা হাসতে হাসতে কাপড়-চোপরগুলো রোদে দিত। আর বলত, আরে রোদ, কতদিন পর তুমি এলে! কোথায় গেল সে দিনগুলো?
আমার বাড়ীওয়ালা দেখা হলেই বলে, ভাই দ্যাশের অবস্থা ভালা না। দোআ করেন। আমি বলি কেন, আপনার দলতো দেশ চালায়, আপনি সে দলের একজন ভাল নেতাও। অভিজাত এলাকাতে বাড়ীও আছে আপনার। আপনি দ্যাশের অবস্থা এত খারাপ দ্যাখেন ক্যান? কি হইছে? সে বলে বর্ষাতো নাই-ই আবার নদীতেও পানি নাই। দ্যাশের বাড়ীর কৃষিকর্ম চলতাছে না। উল্লেখ্য তার গ্রামের বাড়ী নরসিংদীর রায়পুরায়। অন্যান্য বছর এ সময় নদীর জলে ক্ষেত খামার থৈ থৈ করে। এবার নদী রোদন করতে করতে শুকিয়ে যাচ্ছে। অবশ্য দক্ষিণাঞ্চলের চিত্র আলাদা। সেখানে তুলনামুলক বৃষ্টি কম কিন্তু জোয়ারের পানিতে সয়লাব হয়েছে ক্ষেতখামার।
আসলে বর্ষা ও বৃষ্টির মালিক কে? প্রকৃতি? রবীন্দ্রনাথ? না মহান সৃষ্টিকর্তা আল্লাহ?
যারা আল কুরআন অধ্যায়ন করেছেন তারা দেখেছেন আল্লাহ বহু স্থানে জোর দিয়ে বলেছেন, বৃষ্টি আর বর্ষার মালিক তিনি নিজেই। তিনি ছাড়া আর কেউ নয়। যেমন তিনি বলেন :
আর আমি আকাশ থেকে পরিমিতভাবে পানি বর্ষণ করেছি। অত:পর আমি তা পৃথিবীতে সংরক্ষণ করেছি। আর আমি অবশ্যই সেটাকে অপসারণ করতেও সক্ষম। (সূরা আল নূর, আয়াত ১৮)
এমনকি তখনকার অবিশ্বাসীরাও বিশ্বাস করতো বৃষ্টির মালিক একমাত্র আল্লাহ। এর কৃতিত্ব শুধুই তার। তারই শুধু।
আজ আমরা আধুনিক যুগে বসবাস করছি। বৃষ্টি নেই। কিন্তু এর জন্য ধরনা দিতে হবে কার কাছে? বা বৃষ্টি বেশী হচ্ছে। কার কাছে নালিশ জানাতে হবে? কিংবা বৃষ্টি পরিমাণ মত হচ্ছে, কার গুণগান করতে হবে তখন? কার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে?
আর এখন আমরা কি করি? আমাদের মিডিয়াগুলো কী করে? আমাদের কী শেখায় এ ব্যাপারে? বৈশাখ আসলে রবীন্দ্র বন্দনা। বর্ষাকাল আসলে রবীন্দ্র কালাম তেলাওয়াত, শরতকাল আসলে রবীন্দ্র গুণগান। ইসলামের আগমন কালের কট্টর অবিশ্বাসীরা আমাদের সমাজের এ অবস্থা দেখলে তারাও লজ্জা পেত।
রাসূলুল্লাহ সা. হুদাইবিয়াতে ছিলেন। রাতে তখন বৃষ্টি হল। রাসূলুল্লাহ সা. সাহাবীদের বললেন, তোমরা কি জানো তোমাদের প্রভূ কী বলেছেন? তারা বললেন, আল্লাহ ও তার রাসূল ভাল জানেন। তিনি বললেন, আল্লাহ বলেছেন, আমার কিছু বান্দা মুমিন হয়ে সকালে উপনীত হয়েছে আর কিছু বান্দা কাফের হয়ে সকাল করেছে। যে বলেছে, আল্লাহর অনুগ্রহ ও তার রহমতে আমাদের উপর বৃষ্টি বর্ষিত হয়েছে, সে আমার প্রতি বিশ্বাসী, আর গ্রহ-নক্ষত্রের প্রতি অবিশ্বাসী। আর যে বলেছে, এই সেই কারণে বৃষ্টি হয়েছে, সে আমার প্রতি অবিশ্বাসী আর গ্রহ-নক্ষত্রের প্রতি বিশ্বাসী। (বুখারী ও মুসলিম)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

