![]()
চীনের কাছ থেকে বাংলাদেশ দুইটি সাবমেরিন কেনার সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে ভারতীয় নৌবাহিনী। একই সঙ্গে তারা ভারতীয় সমুদ্রসীমার ভেতরে চীনা সাবমেরিন ঢুকে পড়ারও আশঙ্কা করছে।
সোমবার ভারতের টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ভারতের এক সিনিয়র নৌ কর্মকর্তা বলেন, “বাংলাদেশের সাবমেরিন কেনার কী প্রয়োজন? বাংলাদেশের সরকার এই সিদ্ধান্ত এবং সেখানে চলমান দ্বন্দ্বই আমাদের উদ্বিগ্ন হওয়ার কারণ। আমরা সন্দেহ করছি বঙ্গোপসাগর অঞ্চলে চীনা সাবমেরিন আমাদের সমুদ্রসীমায় ঢুকে পড়তে পারে। যদিও এখনো কোনো চীনা সাবমেরিন শনাক্ত করা যায়নি। এ কারণে এই অঞ্চলে আমাদের আরো নৌ-শক্তি বাড়ানো প্রয়োজন।”
এই মুহূর্তে পর্যাপ্ত অবকাঠামোর অভাবে পশ্চিমবঙ্গঘেঁষা বঙ্গোপসাগর অঞ্চলে ভারত কোনো ধরনের সংঘাতের জন্য প্রস্তুত না বলেও জানান তিনি।
এজন্য ভারতের নৌবাহিনী বঙ্গোপসাগর অঞ্চলে শক্তি বাড়াতে বেশ কয়েকটি প্রস্তাব করেছে। সাগর দ্বীপ সংলগ্ন দেশটির অর্জিত ভূমি সমূহে একদিকে একটি ক্ষেপণাস্ত্র ব্যাটারি নির্মাণ শেষ পর্যায়ে রয়েছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সে অঞ্চলে একটি গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য আংশিক খরচ দিতে সম্মত হয়েছে বলেও জানানো হয়। এই বন্দরে একদিকে যেমন ভারতের নৌবাহিনীর জাহাজগুলো নোঙর করা থাকবে তেমনি বঙ্গোপসাগরে টহলের জন্য সেখান থেকে প্রয়োজনীয় রসদও সংগ্রহ করতে পারবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



