ক্যালেন্ডারের পাতা উল্টে গেছে গোটা ছত্রিশেক বার
ঘড়ির কাটার রেডিয়াম চোখ বেয়ে আজও ঝরে পরে সেই অনিন্দ্য মূহুর্তগুলো
অবিরাম; বেশ সুবিন্যস্ত।
বিহঙ্গিনী বলেছিল,
একদিন পূর্নিমায় পৃথিবী জ্বলে গেলে, আমিই তোমার অবশিষ্ট তৃষ্ণা হবো
ধুলোমলিন পথটুকু বালিঝড়ের আশ্রয় করে দেবো সংগোপনে।
বুভুক্ষের মতো আমি সন্ধান করে গেছি প্রতিটি জ্যোৎস্নাপীড়িত মাঠ
সবুজ উপড়ে আবিষ্কার করেছি সমুদ্রের গভীরতা
অথর্ব, অক্ষম ভালোবাসা ছটফট করে গেছে বুকের ভেতর
বিহঙ্গিনী ফেরেনি!
বলেছিলে, যে জন রক্তাক্ত বুক ছুয়ে ভালোবাসা দেয়
তার কাছে রবে আমার কিছু ঋণ
উদার বুকজুড়ে ধারন করেছি তোমার উচ্ছসিত আঘাত
অস্থি মাংস কোটর জুড়ে কত বিধ্বংসী রূপরেখা
সবই উহ্য, নিস্তেজ প্রাণটুকু রেখে এসেছি বসন্তের শেষ প্রান্তে
বিহঙ্গিনী ফেরেনি!
এ নশ্বর জীবন, ক্ষণিক বিলাস, কিছু দীর্ঘ রজনী
ফিরেছে অসুখ, প্রিয়-অপ্রিয় মুখ; ফেরেনি...বিহঙ্গিনী!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



