![]()
মুখবন্ধ খামের মতোই নিরুপদ্রব তুমি-আমি কিংবা আমরা
কিছু বাষ্প শকট অথবা যন্ত্রদানব দেখেছি
দেখেছি কলকাঠি হাতে দো-পেয়ে আকৃতি
আমাদের বক্ষ পাজর, উত্থিত অস্থি অজরে
ওরা নগ্ন উল্লাস করে প্রতিদিন!
মানবিক মুখাবয়বে হামেশাই দৃশ্যমান পশুত্বের হলদে দাঁত
তবু ওদের হায়েনা বলতে নেই, এ কথা বলতে নেই!
শুনেছি ওরা স্বাধীনতা মুছে দেবে, বুকের গহীন কুঠরে মিইয়ে যাবে লাল-সবুজ
মানচিত্রের রেখায় রেখায় উপচে পড়েছে পুরনো বিষের পেয়ালা
নতুন আঘাতে জেগে উঠছে ক্ষত
আমরা দাঁতে দাঁত চেপে থাকার অনুশীলন করি; কেন্নোর মতো গুটিয়ে রই
রঙিন পানি, আলোকসজ্জা আর যুবতী মাংসের ঢেউয়ে রাত কাটে ওদের
আমরা অপেক্ষা করি পুনর্বার ধর্ষিত হতে
তবু ওদের জানোয়ার বলতে নেই, এ কথা বলতে নেই!
ক্ষমতার দ্বন্দ্বে মানুষ আজ সহজলভ্য ‘কাবাব’
রাজপথে থেমে যায় প্রসববেদনা অথবা জীবনের শেষ স্পন্দন!
আমাদের ঠোঁটে তবু প্রগলভ হাসির বাধ্যবাধকতা
আমরা ভালো নেই...বলতে নেই..বলতে নেই...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



