ঘুমের ভেতর বায়োস্কোপওয়ালা কখন স্বপ্ন নিয়ে আসে কখন চলে যায় আমি টেরও পাই না। আমার ধারণা আমি স্বপ্ন দেখি না। দেখলেও মেমোরিটা নিউজপ্রিন্ট কাগজ; গাঢ় ঘুমের কলমে লেখাগুলো এফোড় ওফোড় হয়ে ছিঁড়ে যায়। তবুও নিদ্রাদেবী প্রশান্তিময় অন্ধঘুম উপহার দেয় বলে আমি কৃতজ্ঞ। স্বপ্নান্ধ বলে ড্রিম-হাউজটা ঘুটঘুটে অন্ধকার থাকে। অদ্ভুত ভাবেই আমি আমার নানুকে মনে করি। স্বপ্ন না হলেও দিবা স্বপ্ন হবে। জননীর মা বালিহাসের মত সাদা শাড়ী পড়ে রুগ্নশরীরে উঠোনে হেঁটে বেড়াচ্ছেন আর তারপরই রান্নাঘরে পিঠার তেলের শব্দ বুদবুদ ওঠায়, গরম পিঠার আয়োজন করে তিনি পরিতৃপ্তি লাভ করেন। আর যেদিন ফিরে আসছি তার কাছ থেকে, তার অশ্রুগ্রন্থির সব জলে পিরান ভিজে যায়। দ্বিতীয় অঙ্কে শৈশবের রঙপেন্সিল মনে পড়ে, আমি তার কাঠ কামড়ে খেয়েছি উডপেকারের মত। আর তার দুটো প্রান্তে লাল আর নীল উজ্জ্বল ছবি আঁকতে পারতো। আমাদের শৈশবের ড্রইংগুলো আদিমগুহার মত অমূল্য। তবে এখানে মানুষের স্মৃতি মনে নেই, শুধু মনে থাকে হাতের পাঁচটা আঙুল তালপাখার মত বিচ্ছুরিত। আমি এখনো বসে থেকে মহেশখালির ভাঙা পাহাড়টা দেখি। রূপকথা নয় বাস্তবেই মন্দিরে উঠে যাচ্ছি। উঠতে উঠতে পূর্ণিমার গ্রহণের মত অন্যপ্রান্তে নেমে যাই, নৌকো বাঁধা থাকে তাতে ফিরতে গিয়ে পথ পাই না। কিছুক্ষণ পর প্যান করে যায় সব এনিমেশন। পানিতে পা ডুবিয়ে চীনা রূপকথার কিশোর মনে হয় নিজেকে। আমি মত গোড়ালির চারদিকে ঘুরন্ত মাছের খেলা দেখি। সাঁতরে সাঁতরে চলে যাবার দৃশ্যটা ঘুড়ির লেজের মত আঠায় আঠায় দীর্ঘ হতে থাকে। আমার ইচ্ছে আমি একটা রাজপ্রাসাদ দেখি, যার ভেতরে আমি থাকি, যার চূড়ায় অনেকগুলো অন্তঃসত্তা প্রজাপতি উড়ে বেড়ায়।
--
ড্রাফট ১.০ / মুক্তগদ্য
ভুল উচ্ছাসের ব্লগে কমেন্টকৃত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

