জিপিএস নেই কিন্তু আমি এখন টের পাচ্ছি বাগানবাড়ি মোড়ে,
সেখান থেকে টিউশনি ধরতে বাসে উঠে যেতাম,
কিন্তু বৃষ্টি। রেস্তোঁরার মুখের চাঁদোয়ায় একদঙ্গল লোক।
নিরুপায় নৈরাশ্য, দেরি হলে পরোক্ষ বকা খেয়ে যাই শিক্ষার্থীর অভিভাবকের কাছে।
ছাতাগুটিয়ে পাশের জন আমাকে ভেজাচ্ছে। কিন্তু ভিড়। জড়োসড়ো নিজস্ব অবস্থানে।
ভিড়ের ভেতর খুক খুক কাশির আওয়াজ। মাঝবয়সী জীবাণু ছড়ায়। কিন্তু আমি আমার চাইতে করুণ ভাবে ভিজে যাওয়া গার্মেন্টসকর্মীর উদ্বিগ্ন চোখ দেখছি।
উড়ন্ত চূর্ণচুলের মত বাতাস, আমরা এমন ভাবে অপেক্ষায় যেন বৃষ্টি প্রধানমন্ত্রীর গাড়ি,
চলে যেতেই পথে নেমে পড়বো।
সিঙারার কালজিরার ঘ্রানটুকু বাদ দিলে, দোকানটিকে থেমে থাকা মিনিবাসের মত মনে হচ্ছে।
---
ড্রাফট ১.০
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



