কবিতা কোথায় যায়!
কোথা থেকে এসে বলে, উঠি
হাস্যকর পোশাক-আশাক, বলে, উঠি।
কবিতা চা চাইছে
মাকে বললেই দেয়,
কলম হাতে আবদার,
সে উঠে গেছে, কনডেন্স জমে যাচ্ছে,
শোন!
পিরিচে ঢেলে জুড়িয়ে নে। শোন!
শোনে না, কবিতা সিঁড়ি ভেঙে
আমাকে রেখে
চলে যায়। স্ত্রস্ত দিন
অবেলায় কোথায় যাচ্ছে সে?
কবি কি সানাই বাজায়,
কবিতা তার পিছু নেয়া ব্যান্ডবালক
কাজ কর্ম নেই তার?
ব্যাগ থেকে
রিসিট খসে পড়ে, জমা দেয়ার
ফর্ম পড়ে। কবিতা
কিচ্ছু বোঝে না, কবি এলে
কবিতা ভুল পথে যায়
রিকশার হুড তুলে প্রেম করে
দিবালোকে বেপরোয়া বোধ?
লাইব্রেরি
যাদুঘর
ফের লাইব্রেরি?
আমাকে বলে যেতে পারে
ডাকছি পিছন থেকে,
প্রায় দিন তাকে পাই না,
মানিব্যাগ ছাড়াই চলে গেছে
সারাদিন ধার ও দেনায়
চলে যাবে কবিতা, শোন!
বিছানায় ঝোলা ব্যাগ।
ব্যাগটা রেখে গেল নাকি!
শোন!
নেই ....
কবিতা কোথা থেকে সন্ধ্যায় এসে বলে মন ভাল নেই।
শুয়ে পড়ে। ঘুমিয়ে পড়তে চায়।হাতে তার কাটা দাগ। সেলাই।
কেন এসব নিয়ে ফেরে?
আরও মানুষ বড় হয়।
মুখচোরা তারুণ্য অথচ অসময়ে টিয়ারের তপ্ত শেল
ছুঁড়ে মারে ঐ দিকে কবিতা।
শোন!
আমার শেষ দাবী
আর একটা শেষ দাবী। কবিতা আমার কাছে আয়,
একবার শোন!
--
ড্রাফট ১.০
>>>আরো লিখেছি>>>
কবিতা এসে বসে সামনে
বলে গুড় দাও, যদি পারো আউসের মুড়ি
এসে দেখি
নেমে গেছে
চা জুড়োচ্ছে টেবিলে,
বারান্দার গ্রিল দিয়ে শুন্য এক বিন্দু হয়ে চলে গেছে
কোথাও।
কিন্তু কেউ বলল সে আছে। যায় নি।
অন্য ঘরে কল ছেড়ে জলের আওয়াজে
কে কাঁদে?
আমি ডাকি, কবিতা চুপচাপ
আজ কি মঙ্গল কিংবা বুধবার? তারপর
সেই যে গেল আর আসে নি
আজ এলে ভাল হতো
এত খামখেয়ালি সে, যখন চাই না তখনই এসে
দরজায় কড়া নাড়ে
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




