একজন না সাতজন হত্যা হয়েছে - সেটা বড় নয় -
বড় কথা মানুষ খুন হয়েছে,
বড় কথা এখানে আইন নেই, আমরা এখানে নিরাপদে নেই
যা আছে আমাদের বিভ্রান্ত করে দেয়া কিছু শাসন বিভাগ,
যা আছে তন্ত্র ফন্ত্রের নামে কিছু গণতন্ত্রের বাকসো,
যেহেতু আইন নেই,
হাঁটতে গেলে উপর থেকে অবারিত মুত্রত্যাগ হবে,
আমাদের সেটা মুছে হেটে যেতে হবে,
দুর্গন্ধে আচ্ছাদিত হবে যখন তখন, যদি সামর্থ থাকে
আতর ছিটাতে হবে নাকের গোঁড়ায়,
পথে পথে যা কিছু হবে, টিজ হবে, হুমকি হবে,
মেয়েটি কাঁপতে থাকবে, কিশোর ডেস্কে মুখ চেপে থাকবে,
আমাদের ধরে নিতে হবে দরকার কড়া ভেঙে
ধর্ষক ঢুকে পড়তে পারে এমন কি বাড়ির শয়নকক্ষে,
আমাদের তখন সেই কথাগুলো গোপন করতে হবে,
উল্লঙ্গ উন্মাদের মত শকুনের নিজস্ব বাহিনী ঘুরবে, ফিরবে,
বাদাম চিবাবে,
তাদের বখরা দিতে হবে, তাদের কেউ হ্যাচকা টানে দলিল কাবিন ছিনিয়ে নিতে পারে, গোড়া থেকে লিঙ্গ কেটে ফেলতে পারে, এমনই দু:সময় যে ওরা আমার থালাতেই খাবে,
নাচবে কলিজা হাতে আমার আঙিনায়,
মানুষের খোঁজ চাইলেই আমাকেই শাসাবে,
- চুপ!
আমাদের তখন চুপ করে থাকতে হবে,
তবুও আমরা আশাবাদী হয়ে থাকছি,
স্বাধীনতার আশায়,
আইনের আশায়,
সাম্যের আশায়...
আশাবাদ একটা
সোনার আবরণে কয়লার মেডেল,
এজন্যই অশ্লীল দেহজতন্তু উৎপাটন করে করে আজন্ম আশাবাদী আছি।
-
ড্রাফট ১.০ / নদীমাতৃক দেশের সবগুলো নদী রেডি, আমরা যেন রেডি থাকি ভাসতে যে কোন দিন।
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১৪ রাত ১২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



