কষ্ট- যাকে কিনা বলা হয় শুদ্ধতম মানবিক অনুভূতি। কারন, প্রতিটি কষ্টের পর স্বপ্নবাজ মানুষ স্বপ্ন দেখে সুসময়ের। কষ্ট নিয়ে মাতামাতি সমাজের সব স্তরের মানুষেরই আছে। এটা এমনই এক সার্বজনীন এবং সাম্যবাদী মানবিক অনুভূতি, যার অভিজ্ঞতা নেই এমন কোন সৃষ্টি নেই। ছোটবেলায় শুনতাম- বই-খাতার পৃষ্ঠা ছেড়া উচিত না, এতে নাকি ওরা কষ্ট পায়। গাছের ডাল ভাঙতে নেই, গাছ কষ্ট পায়। কোরবানির গরুকে লাঠি দিয়ে মারা যাবেনা- গরু কষ্ট পায়। বারান্দার জঞ্জালে বাসা বাঁধা চড়ুইয়ের বাচ্চা ধরা যাবেনা, মা চড়ুইও কষ্ট পায়। মূল কথা হচ্ছে, কষ্ট সবাই পায়, কিংবা পেতে চায়, পেতে হয়তো ভালও বাসে।
কষ্ট নিয়ে মাতামাতির বিভিন্ন রুপ আছে। সকল মহৎ শিল্প, সৃষ্টির উৎস নাকি কষ্ট। রিকশাচালক আইজুদ্দিন ছেড়ে যাওয়া বউয়ের বিরহে কষ্ট পায়, কবি হেলাল হাফিজ কষ্টের ফেরি করে বলেন-"কষ্ট নেবে কষ্ট? হরেক রকম কষ্ট আছে", আইয়ুব বাচ্চু গানে গানে বলেন - "আমি কষ্ট পেতে ভালবাসি", কবি শেলী কষ্টকে অনুধাবন করে চরম আশাবাদী প্রশ্ন করেন - "O Wind, If Winter comes, can Spring be far behind?" এমনকি আমার জীবনবোধহীন আক্ষরিক অর্থেই গাড়ল বন্ধুটিও সারাদিন শেষে একটা গোল্ড লিফ ধরিয়ে উদাস গলায় বলে -"ধুর! এতো কষ্ট, আর পারি না।"
তারপরও, আমরা কি জানি আসলে কষ্ট কী?
ক্ষুদ্র এক জীবনের সবচেয়ে বড় কষ্টটা কী? সম্ভবত সবচেয়ে প্রিয় মানুষের দেয়া কষ্ট। এই কষ্ট গুলো অনেকটা ঘায়ের মত। সময়ের সাথে সাথে ঘা-টি শুকিয়ে যায়, শুধুমাত্র আবারও কাঁচা হওয়ার জন্য। কোন নির্দিষ্ট রুটিন নেই, সময়-অসময় নেই, হুট করে শুকিয়ে যাওয়া ঘা আবার জেগে ওঠে, আগের চেয়েও শক্তিশালী হয়ে, আরও বেশি যন্ত্রণা দেয়ার জন্য।
কিছু কিছু সৌভাগ্যবান মানুষের জীবনে কোন কষ্টই থাকেনা। তারা আর কিছু না পেয়ে করে কষ্টবিলাস, এক ধরনের অপ্রাসঙ্গিক অশালীন ফ্যাশন, যা প্রকৃতপক্ষে "কুমারী বেশ্যার" মত, অস্তিত্ব নেই, শুধু কল্পনা করা যায়।
তবু কষ্টই সব আবেগকে ধারন করে, লালন করে, আত্মপ্রকাশ ঘটায় মহৎ মানবিক আবেগের, সৃষ্টিশীলতার। তাই হয়তো আমরা সব কিছুতেই কষ্ট খুঁজি, এটা আমাদের মজ্জাগত- প্রচণ্ড আনন্দের মুহূর্তেও আমরা কেঁদে ফেলি। তাই, আমাদের মনে যতো কষ্ট আছে, সযত্নে লালিত, গোপনতম, একান্ত নিজস্ব - তারা সকলেই বেঁচে থাক, জয় হোক কষ্টের।
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



