এই পোস্টটা ছোট ভাই বোনদের জন্য...
আমাদের বাসের কনট্রাক্টর গুলো খুব মজার। বিশেষ করে লোকাল বাসগুলোর। তুমি যেখানেই যেতে চাও সে তোমাকে সেখানেই নিয়ে যেতে পারবে। তার ওই বাস দিয়েই!!... মনে কর তুমি মহাখালী থেকে ফার্মগেট যাবে। এখন যদি তুমি মহাখালী-গুলশানগামী বাসের কনট্রাক্টর/ হেলপারকে জিজ্ঞেস কর "মামা ফার্মগেট যাবে নাকি?"(ধরে নাও তুমি ঢাকায় নতুন!) "মামা" বলবে "যাইব না মানে!... উডেন! গুলশান নামাই দিমুনে। গুলশান থেইকা ফার্মগেট ১০ টাকা রিক্সা ভাড়া!"...তুমিও হয়ত বোকার মত চড়ে বসবে। ভুলটা এখানেই হয়...আমাদের!
মনে রাখবে তোমাকে সবাই সেদিকেই যেতে বলবে যেদিকে তারা তোমাকে দেখতে চায়। তোমার বাবা বলবে ডাক্তার হতে, হয়ত বড় বোন চাইবে তুমি ইঞ্জিনিয়ার হও। মা চাইবে ছেলে/মেয়ে আর্কিটেক্ট হোক। ছোট বোনটি হয়ত চাইবে তুমি আর্টিস্ট হও। পাড়ার বন্ধুটি বলবে "মামা ক্রিকেট টা ছাড়িস না...তোর হবে।" স্কুলের স্যার হয়ত বলবে "আজকাল ডিফেন্সের অনেক দাম।" ভবিষ্যৎ বউটাও মাথা নিচু করে বলে বসবে " বাবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে এমন জামাই চায়!" ছোট ভাইটা বলবে "ভাইয়া তুমি বড় হয়ে আইতক্লীমওয়ালা হও। এত্ত এত্ত আইতক্লীম খাবো।" বড় কোম্পানীর ম্যানেজার আঙ্কেল বলে বসবে "তোমার এত চিন্তা কিসের! পাশ করে খালি সিভি টা আমাকে দাও।" মনে রাখবে যে যেখানে তোমাকে দেখতে চায়।
এখন প্রশ্ন হচ্ছে তুমি কি করবে? ওই বয়সটা আসলেই একটু কনফিউজিং। কি করব না করব বুঝতে পারা যায় না। তুমি কার কথা শুনবে? এটা বলার আগে বলি, "তারা কেন বলে?" কারণ তারা তোমার ভাল চায়। তারা চায় যাতে তুমি ভবিষ্যৎ এ সুখে-শান্তিতে বসবাস কর। তাই তাদের কাছে যেই পেশাটা সুখের মনে হয় তারা সেটাই সাজেস্ট করে। তারা মনে করে তুমি সেখানেই সফল হবে। সত্যি কি তাই? মনোবিজ্ঞানীদের মতে কোন কাজে সফল হওয়ার প্রথম শর্ত হল সেই কাজটাকে ভালবাসা। এখন প্রশ্ন হচ্ছে যারা তোমাকে পথ দেখাচ্ছে বা দেখাতে চাচ্ছে তারা সবাই কি জানে তুমি কি ভালোবাসো? যদি না জানে তবে তারা কি করে নিশ্চিত হচ্ছে যে তুমি সেপথে সফল হবে?
জীবনের একটা সময় পর্যন্ত তুমি সবার সাথে হেসে খেলে একসাথে একটা মোড়ে এসে দাড়াবে। সেখান থেকে পথগুলো অনেকগুলো ভাগে ভাগ হয়ে গেছে। তুমি কোন পথে যাবে? না জেনে না বুঝে "যা হওয়ার হবে" বলে হাটা শুরু করো না। এই ভুলটা বেশীর ভাগ মানুষই করে। সময় নাও! ভাবো! সময় যদি না থাকে তবে মোড়ে আসার আগেই চিন্তা কর। যে পথ তোমার পছন্দ সে পথের মানুষদের সাথে আলোচনা কর। সজ্ঞানে চিন্তা কর। কিছু একটা পাবেই। শুধু বলছি চোখ বন্ধ করে হাঁটা ধরো না।
এখন এই ভবিষ্যতের গল্পে সবচেয়ে বড় ক্যাটালিষ্ট হল "ভয়"। বড় বিপদজনক এই ভয়। আমি কি পারবো? আমাকে দিয়ে হবে? নিশ্চয়তা আছে তো? যদি না হয়? ইত্যাদি ইত্যাদি চিন্তা মাথায় আসে। মাথায় আসাই স্বাভাবিক। তুমি তো জীবনের এই যুদ্ধে প্রথম নামছো। সে জন্যই বলছি তোমার পছন্দের পথের আগের যোদ্ধাদের শরণাপন্ন হও। তাদের কাছে জেনে নাও এই পথ কেমন। কি আছে, কি নেই? কি পাবে, কি পাবে না? যোগ-বিয়োগের হিসেব মিলিয়ে দেখো তোমার কল্পনার সাথে মেলে কিনা। মিললে "বিসমিল্লাহ" বলে নেমে পড়। নিজের উপর ভরসা রাখো।
এখন অনেকেই বলে "আমি যেসব ভালোবাসি সেগুলোতে তো সফল হবার কোন উপায় নেই।...অন্তত আমাদের দেশে নেই। ...এখন?" আমি বলব যুগ এখন বদলেছে। আমরা এটা বিশ্বাস করি কারণ আমরা জন্ম থেকে এটাই শুনে আসছি। আমাদের বাবা-মা ওই যুগ পার করেছেন। আজ দেশে প্রচুর সুযোগ। সব ক্ষেত্রেই সফল হতে পারবে যদি তোমার প্রবল ইচ্ছে আর পরিশ্রম করার মানসিকতা থাকে। হ্যা বাস্তবতায় অনেকে কিছুই ফিকে হয়ে আসে। আমিও মানছি। তাও তুমি কিন্তু উপায় বের করে নিতেই পারো। ছোট্ট একটা উদাহরণ দিই? ধরো তোমার ছবি আঁকতে ভালো লাগে। নতুন নতুন ডিজাইন করতে ভালো লাগে। তারমানে কি আমি তোমাকে বলছি তোমাকে চারুকলাতেই যেতে হবে? না! তুমি তোমার প্রতিভাকে আশেপাশের সফল পেশাগুলোর সাথে মেলানোর চেষ্টা কর। দেখো এই প্রতিভাকে তুমি কোথায় কোথায় কাজে লাগাতে পারবে? তুমি ফ্যাশন ডিজাইনার হতে পারো, তুমি আর্কিটেক্ট হতে পারো, তুমি অ্যানিমেশন ডিজাইনার হতে পারো। সুযোগের অভাব নেই। দরকার তোমার সাহস। তোমার ইচ্ছা। আমি শুধু একটা উদাহরণ দিলাম। তুমি সবকিছুকেই এভাবে চিন্তা করতে পারো। শুধু তোমার পছন্দের পথে শুরু করেই "খাল্লাস" করে দিও না। লেগে থাকতে হবে। আরে আমি তো পারিই । এটা আমার পছন্দের পথ। আমার এখানে কোন পরিশ্রম নেই। এটা তোমার ভুল ধারণা। একটি কথা মনে রেখ,
"Every dream will be challenged…"
অনেক কথা বলে ফেলেছি। এইসব নিয়ে অনেক কথা বলা হয়েছে।স্বপ্নের কথা সবাই বলে। আমি শুধু বলতে চেয়েছি শুধু স্বপ্নের কথা চিন্তা না করে স্বপ্নটা কিভাবে বাস্তব করা যায় সে চিন্তা কর। সেই চিন্তাটা আজ থেকেই শুরু কর। যাতে আজ থেকে ১০ বছর পর এই চিন্তা না করতে হয় "ইস! তখন কেন যে একটু চিন্তা করলাম না!"
বিঃ দ্রঃ "এস এস সি" পাশ কর নাই এই টাইপ এর বাচ্চারা এই পোস্ট থেকে দূরে থাইকো। তোমাদের আজও এই চিন্তা করার বয়স হয় নাই। আরেকটু বড় হও। তারপর চিন্তা কইরো।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



