গহীনে আঁধার
---- ..... ----
ভীষন ইচ্ছে করে হৃদয়ের সমস্ত গোপন কথা গুলো বলে দিই অবলিলায় । রাশি রাশি গোপন কথার মাঝে হারিয়ে যেতে চাই। জেনে যাক সবাই আমার অথবা আমাদের না বলা কথা।
গুছিয়ে না বলতে পারার কষ্ট আমায় ঘিরে রাখে । আমাদের গল্পগুলো কবিতার মতই কঠিন। কবিতার মতই হাহাকার তুলে যায় ভাষা পাওয়ার অপেক্ষায়; আমি বরাবরই অগোছালো। তোমাকে প্রার্থনা করেও যেমন পাই না; আজ গল্পগুলোও তেমনি ভাষাহীন রয়ে যায়।
হৃদয়ের মধ্যে অসংখ সাদা পাতা । তারা ভাসতে থাকে এপাড়া থেকে ওপাড়ায় । সম্মোহিত আমি সাঁতারের আনন্দ অথবা কষ্ট পাই । অতল গহীনে ডুবে বেড়াই । নিশ্চুপ নির্জন খুঁজে বেড়াই। নির্বাসিত হতে পারি; কিন্তু ভেতরের আমি থেকে তো নির্বাসনের সূত্রটা জানা নেই। ঊন্মত্ত ঊত্তালতা যদি ভেতরেই থাকে, নির্বাসন সেখানে অর্থহীন হয়ে দাঁড়ায়।অনন্তই পালিয়ে বেড়াতে চাই আমার আমি থেকে। সে কখনো ছাড়ে না আমায়।
আমার গল্প বলা আর হয়না । ভেতরের অন্ধকারে কোঁনায় কোঁনায় লুকিয়ে পড়ে ওরা হাজারো ভাষাহীন কবিতার মত । আবারো জমাট বাঁধে দেহহীন সব আত্মাদের ভ্রুন আমার আত্মার মাঝে। আমি মিলিয়ে যাই অজস্র আত্মার সাথে। বিলিন হয়ে যাই। ভেসে যাই। ডুবে যাই। ডেবে যাই। হারিয়ে যাই। এই হারানোতে বিন্দু মাত্র আনন্দের লেশ নেই। কিছু তীক্ষ্ণতা আছে । আর আছে প্রকাশ করার ক্ষমতাহীন বিভৎস কিছু অনুভূতি ।
নিরন্তর মরতে থাকি আমি আমাতে। আর ভাষাহীন কবিতার মত গল্পেরাও । তবে ওরা ভূত হতে জানে।বিভৎসও হতে জানে।
আর আমি আফিমের সাথে মুখ গুজে বসে থাকার জায়গা খুঁজি ।
----- ফরিদ উদ্দিন মোহাম্মদ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

