![]()
কবিতার প্রকারভেদ
আমার মতে কবিতা দুই প্রকার:
১) সরলরৈখিক ও বর্ণনামূলক কবিতা। এখানে আবেগের প্রকাশ অনেক বেশি থাকে, এবং লেখা হয় খুব গতিশীল, এবং প্রাঞ্জল, শব্দগুলো হয় খুব পরিচিত কিন্তু গাঁথুনি হয় খুব সাবলীল, যা পাঠমাত্রই পাঠকের বুকের ভেতর গেঁথে যায়; এ কবিতা সব শ্রেণীর পাঠকের কাছে প্রিয় হয়ে থাকে। আবৃত্তির জন্য এ কবিতা সবচেয়ে বেশি উপযোগী, কেননা, আবৃত্তির সময় শ্রোতা সাথে সাথে শব্দ ও ভাব হৃদয়ঙ্গম করতে বা বুঝতে সক্ষম হয়ে থাকেন।
২) সাংকেতিক বা সংক্ষিপ্ত বা ভাবমূলক। এ ধরনের কবিতায় আবেগ খুব গভীরে লুকিয়ে থাকে; অবয়ব ছোটো হলেও ভিতরের নির্যাস আস্বাদন করতে পাঠককে খুব সময় নিয়ে ভাবতে হয়। ধীর গতিসম্পন্ন কবিতা। বেশিরভাগ পাঠকের কাছে এ কবিতা দুর্গম গুহার মতো। নিবিষ্টচিত্ত পাঠকদের কাছে এ কবিতা খুব প্রিয় হয়ে থাকে। আবৃত্তির জন্য এ ধরনের কবিতা বাছাই না করাই ভালো- কারণ, অধিকাংশ পাঠকই এ কবিতার আবহে একাত্ম হতে ব্যর্থ হবেন।
ক্ষণজন্মা-১৮
সময় আমাকে গিলে খায়, আমি আকাশ গিলবো বলে পানিতে ডুব দিই। একঝাঁক চিত্রা হরিণ আর চিতল মাছেরা যখন জোনাকি হয়ে আলোয় ভরে তোলে পানির হৃদয়, আমি তখন প্রাণ ভরে শ্বাস নিই, আর মস্ত একটা আকাশ বুকের ভেতর পুষে নিয়ে পাহাড়ে ঘুমিয়ে পড়ি।
০৪ অক্টোবর ২০১৩
ক্ষণজন্মা-১৯
তোমার যে গান আমাকে পুড়িয়ে ছাই করে, নির্বীজ ধূলির ভেতর জাগিয়ে তোলে উদ্ভিন্ন প্রাণ, আমাকে সেই অপার্থিব বর দাও। ‘গানের ভেতর দিয়ে তোমায় যখন দেখি’, অজস্র রোমকূপ ভেদ করে লাখ লাখ গুল্মলতারা ডগা তুলে দোহারের সুরে সুরে দুলে ওঠে। কখনোবা হারিয়ে যেতে ভালো লাগে। হারিয়ে যেতে যেতে পথগুলো দীর্ঘতর হয়ে ওঠে, অবশেষে অচেনা- সেই অচেনা পথের প্রান্তে তন্ত্রীছেঁড়া সুরগুলো সুচের মতো ফালি ফালি করে ছিঁড়ে ফেলে হৃৎপিণ্ড। তখনই মনে হয়, যদি কাউকে ভালোবেসে হারিয়ে থাকি অমূল্য প্রেমের জন্য, সে তুমি।
০৪ অক্টোবর ২০১৩
ক্ষণজন্মা-২০
পৃথিবীর প্রতিটা মানুষই কবি হয়ে জন্মায়- প্রতিটা মানুষের ভেতরে বাস করে সমুদ্র। যখন উথলে ওঠে আবেগ, তখন ঝড় ও জ্বলোচ্ছ্বাসে ডুবে যায় মরমিয়া হিয়া। আমরা তখন সত্যিকার কবির হৃদয়কে উন্মোচিত হতে দেখি।
৮ অক্টোবর ২০১৩
ক্ষণজন্মা-২১
ভুলে গেছি, কবে, কোন্ ঘরে আমার সর্বশেষ নিবাস ছিল, কী কারণে রোজ রাতে নেমে পড়ি নগরীর রাস্তায়। আমাকে খুঁজতে এক রাতে ঘর ছেড়ে বেরিয়ে পড়লাম। বহুপথ ঘুরে ঘুরে অবশেষে দূর থেকে আবছা ছায়ার মতো আমাকে দেখি; আমার পৃষ্ঠদেশে পরিভ্রমণের কোনো বর্তিকা জ্বলে না, অস্পষ্ট পদছাপ খুঁজে খুঁজে আমি তার পিছু পিছু হাঁটি। শহরের পুষ্পোদ্যান পার হয়ে ঘিঞ্জি অলিগলিতে সে ঢুকে পড়ে। কখনো অস্থির, উদাসীন গতিবিধি তার, কখনো ধীর সৌম্য কদমে ফুটপাত ধরে হেঁটে হেঁটে গলিত জোছনা মেখে নেয় সমগ্র শরীরে। হঠাৎ হঠাৎ সে কোথায় হারিয়ে যায়, আকুল হয়ে তাকে খুঁজতেই অকস্মাৎ মুখোমুখি। এভাবে সারারাত শহরের উত্তর-দক্ষিণ পার হয়ে ঘরের দরজায় এসে দাঁড়ালে পুনর্বার মুখোমুখি হতেই সে চমকে ওঠে। মনে হয় আমাকে সে চিনতে পেরেছে, অথবা আমারই ভ্রম হয়- সে আমাকে চিনতে পারে নি।
৯ অক্টোবর ২০১৩
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
সময়, এক বয়সখেকো রাক্ষস
আমি যতবার পুরোনো দিনের সিনেমা দেখতে বসি- হার্টথ্রব ওয়াসিম, নায়করাজ রাজ্জাক- অমর সিরাজউদ্দৌলা আনোয়ার হোসেন, এমনকি তারুণ্যে যে এটিএম শামসুজ্জামানকে খুন করতে ইচ্ছে হতো- আর আমার স্বপ্নের অলিভিয়া, কবরী, ববিতারা- ততবারই আমার চোখ ভিজে ওঠে। হায় বয়স- বয়স সবাইকে গিলে খাচ্ছে ক্রমশ, ধীরে ধীরে- নিবিড় অলক্ষে।
যে মানুষগুলো চোখের সামনে প্রিয় হয়ে উঠলো, খ্যাতির শিখরে উঠে অবশেষে মহামানব- তাঁরা বৃদ্ধ হলেন, কেউ কেউ ইতোমধ্যে ছেড়ে গেলেন পৃথিবীর মায়া।
আমার মনে পড়ে বুলবুল আহমেদের কথা।
আনোয়ার হোসেনের কথা।
জয়শ্রী কবীরের কথা।
হুমায়ূন আহমেদের কথা আমার মনে পড়ে।
আজম খানের কথা মনে পড়ে।
আমার চোখ ভিজে ওঠে। হায়, সময়ের গর্ভে মানুষ হারিয়ে যায়।
এই যে দেখছেন মধ্যগগনে তীব্র জাজ্বল্যমান শাকিব খানকে, যৌবনবতী মৌসুমী অথবা শাবনূর- ওরাও একদিন নায়করাজ রাজ্জাকের মতো থুত্থুরে হবেন, আনোয়ার হোসেনের মতো মৃত্যুপূর্বে বাকরুদ্ধ হয়ে যাবেন হয়ত-বা- অবশেষে অকস্মাৎ একদিন অসীম শূন্যের পথে মেলে দেবেন ডানা। যৌবনে ঝড়-তোলা রুনা লায়লারা যেভাবে বয়সের আধারে ধীরে ধীরে ডুবে যাচ্ছেন, আমার প্রিয়তমা সিঁথি সাহা’র কণ্ঠেও একদিন এই মাদকতা থাকবে না- যখন তিনি হারিয়ে ফেলবেন সুরের জৌলুস আর যৌবনের উন্মত্ততা।
সময় নিষ্ঠুর হন্তারক, এক বয়সখেকো রাক্ষস। এই রুপালি যৌবন আর সুরের ঝঙ্কার সবই সে গিলে খায়, কিছুই অবশিষ্ট না রেখে।
১১ অক্টোবর ২০১৩
মনুষ্য-চরিত
নিজের গা থেকে রক্ত বেচে যে আমার জীবন বাঁচিয়েছিল, একদা নিঃস্ব আধারে না খেতে পেয়ে ধুঁকে ধুঁকে লোকটা আমার চোখের সামনেই মারা গেলো, না দেখার ভান করে পরম হর্ষে আমি ডুবে যাই নিজস্ব ভুবনে।
মানুষ সহজেই অপর মানুষের কথা ভুলে যায়, যদিও ভোলে না নিজ নিজ কীর্তির কথা, বিশাল দিঘিকে একবিন্দু শিশির দানের কথা যেভাবে ভোলে না পরবাসী শৈবাল।
আমি সেই অকৃতজ্ঞ ‘মানুষ’।
১৩ অক্টোবর ২০১৩
কবিতা ও নারী
কবিতারা লাবণ্যময়ী নারী
অথবা নারীরা দুর্বোধ্য কবিতার মতো
এদের বোঝা যায় খুব সামান্য
পুরোটাই রহস্যাবৃত ভাবের অন্তর্গত
১৩ অক্টোবর ২০১৩
পরিশিষ্ট
আমাদের তারকাদের ছবি খুঁজতে গিয়ে খুব বিপাকে পড়ে গেলাম- ইন্টারনেটে এঁদের ভালো ছবি খুঁজেই পাওয়া ভার।
আত্মপক্ষ প্রতিরক্ষা
এ কবিতাগুলো আমার ঘনিষ্ঠ ফেইসবুক ফ্রেন্ডদের মধ্য থেকে অনেকেই আগে পড়েছেন, যাঁদের মধ্যে অভি আসলাম (ভারসাম্য), সায়েম মুন, সোনালী ডানার চিল, শাহেদ খান, মনোয়ারা মণি, আশরাফুল ইসলাম দূর্জয়, আহমেদ আলাউদ্দিন ও আরমান ভাই ওরফে একজন আরমানের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁদের কাছে এ পুনরাবৃত্তি কষ্টের কারণ হতে পারে বলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।
***
সবাইকে ইদুল আযহার শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৭ রাত ৮:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


