তোমার কখনো ইশারা ছিল না
অথচ ডেরার ভেতর দুটো বাঘ সতত দাও দাও চোখে
শাণিত করে জিভ
আমি কি তবে বন্ধকি ঘরে সময়ের সাথে করে যাব খেলা
গোবাক্ষ পাখির প্রণয়ে?
শূন্যে আমার হাসি
বিকেলের ফুলে মেঘরং প্রজাপতি ওড়ে
আলোকবর্ষ পার হয়ে যায়;
মহাকাল জুড়ে তুমি বেঁচে থাকো
মর্ত্যের মাটিতে অমরাবতীর দাসী।
৪ এপ্রিল ২০০৯
ক্ষমাপ্রার্থী : উপরের কবিতায় কী বলতে চেয়েছি, তা আসলে বোঝানো যাবে না, খুবই কোডিক ফর্মে লেখা। কবিতা সম্বন্ধে 'বোঝা' ব্যাপারটাই অপ্রাসঙ্গিক (বুদ্ধদেব বসু)। যদিও, এ কথাটা আমি পুরোপুরি মানি না (তাতে কারো কিছু যায়ও না, আসেও না, হয়ও না কিছু)। আমার এমন কিছু কবিতা আছে, যার মর্মার্থ ও ব্যাকগ্রাউন্ড শুধু আমিই জানি, এটা আর কেউ জানুক তা আমি চাইও না। তবে, এগুলো পড়ে কেউ কিছু বুঝতে পারলে সেটা আমাকে প্রভূত আনন্দ দিবে, সেই বোঝ যাই হোক না কেন। এ ব্যাপারে আমার একটা কবিতাও আছে, 'তোমার জন্য'।
তোমার জন্য
সব কবিতারই কিছু মানে হবে
এ ভেবে কখনো কবিতা লিখি নি
সব ইশারায় সাড়া দেবে তুমি
এমন করেও কখনো ভাবি নি
যখন যেভাবে শব্দরা আসে
ক্রোধ ও কান্না, প্রেম ও দ্রোহে
ওভাবেই ওরা ঠাঁই করে নেয়
আপন গুণ ও গন্ধ-আবহে
যা কিছু লিখেছি প্রেমের জন্য
হয়ত সবই তা নিরেট বর্জ্য
অশ্রু ফেলো না, যেদিন বুঝবে
তোমার জন্য এসব অর্ঘ্য।
১৬ অক্টোবর ২০১২
Please relax
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০২১ সন্ধ্যা ৭:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


