আলস্য জাপটে স্বপ্নের মেখলা ছড়ে পড়ে
বাজিকর নারীর কোমরে
অসময়ে বৃষ্টি আসে
জলমেঘ রূপের দিকে চোখ সরে যায়
শ্রাবণের পালিত কন্যা বৃষ্টির উপনাম
নিঃসঙ্গ যজ্ঞসূত্রে ওড়পুষ্প কাঁপে শিহরণে
আদিবাসী গ্রাম,হাঁটা পথের ধারে বিরাণে
রজোগুণে এই রয়ানি কালে
কাছে ছিল তার গৃষ্ম বাতাস
এলো চুল, ধুলি ঝড়,দমকা হাওয়ার দল
ব্যাগ ভর্তি স্কুল বই
লাফিয়ে লাফিয়ে চলা মৃদু খরগোশ
অকৃতদার স্মৃতি রেণু তাকে ছুঁয়ে গায়
গেরস্থ গলায় ঐকাহিক অভিধান।
রচনা: ২৯/০৭/০৯-০৮/০৮/০৯ ইং
উৎসর্গ: মানবী
নোট:
ব্লগে বৃষ্টি নিয়ে লেখা সব লেখা পড়ার চেষ্টা করি। পরিচিত অপরিচিত সবার। বছর দেড়েক আগে বৃষ্টি নিয়ে মানবী'র মৃত্যুর মুখে দাঁড়ায় জানিবো, তুমি আছো আমি আছি!! শিরোনামে একটা লেখা পড়ি । ওটা পড়ে আমার মাথায় হাত। এই সুলেখিকা দেখি একরোখা স্বার্থপরের মতো বৃষ্টির পুরো মালিকানা নিজের দখলে নিয়ে বসে আছেন। ওই লেখাটি পাঠ করে এখনও অনেকে মুগ্ধ ও বিম্মিত হয়ে মন্তব্য করেন দেখেছি। বৃষ্টিই যদি আরেক জনের অধিকারে থাকবে তা হলে যে দু একটু ‘কবিতা অপরাধ’ করার চেষ্টা করি তা আর কোন মুখে মনে ভাববো! কে না জানে আমার মতো দরীদ্র কবিরা যে ৩/৪ ’শ শব্দ ঝুলিতে নিয়ে কবিতা ফাঁদে তার বড় একটা অংশ বৃষ্টি কেন্দ্র করে প্রচলিত সখি সখি ধর ধর ভাবের বাক্য তৈরী করে! ক’দিন আগে আবার গত ৬০ বছরে রেকর্ড বৃষ্টি হলো। গা বাঁচিয়ে আর এড়িয়ে থাকা গেল না। এই বৃষ্টি বন্দনা লিখতে হলো। কিন্তু অনুভব করছি,এখনো মানবীর লেখাটাই বৃষ্টির মৃগ্ধতার সময় প্রথম মনে পড়ে। অগত্যা লেখাটা মানবীকে উৎসর্গ করে বৃষ্টির সঙ্গে সমঝোতা করার চেষ্টা করলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

