ভোরের পথে ভেজা হাওয়া
যখন মনের গহীনতা ভেজায়,
ফিরোজা আকাশের বিশালতা
যখন হিয়া দোলায় মেঘের ভেলায়,
ঘিরে ঘিরে থাকে স্রষ্টার ভালোবাসা
হৃদয় ভরে কানায় কানায় পূর্ণতায়।
দুপুরের খররোদের তীব্রতা
যখন তনুপ্রাণ ঝরিয়ে যায়
হঠাৎ বৃষ্টির মাতম ছোঁয়া
যখন শীতলতা বুকে জড়ায়,
ঘিরে ঘিরে থাকে স্রষ্টার ভালোবাসা
হৃদয় ভরে কানায় কানায় পূর্ণতায়।
বিকেলের নরম ঘাসের উষ্ণতা
যখন আনন্দের আসর জমায়,
মৃদু বাতাসের দোলে গাছের পাতা
যখন কবিতার ছন্দে মন মাতায়,
ঘিরে ঘিরে থাকে স্রষ্টার ভালোবাসা
হৃদয় ভরে কানায় কানায় পূর্ণতায়।
সাঁঝের আকাশে রঙের খেলা
যখন ভারী হৃদয় হঠাৎ ওড়ায়,
দিবা রাতির মিলনের মেলা
যখন ঘন হয় নীড়ে ফেরায়,
ঘিরে ঘিরে থাকে স্রষ্টার ভালোবাসা
হৃদয় ভরে কানায় কানায় পূর্ণতায়।
রাতের কালোয় জড়ানো স্নিগ্ধতা
যখন মধুময় করে গভীর মৌনতায়,
জীবন শোভিত বিবর্ধিত ভাবনা
যখন আঁখিপাতে অশ্রু নামায়,
ঘিরে ঘিরে থাকে স্রষ্টার ভালোবাসা
হৃদয় ভরে কানায় কানায় পূর্ণতায়।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




