বাবা,
আপনি কেমন আছেন জানিনা, অনেক দিন আপনার কোন খবর নেয়া হয় না। কিভাবে নেব বলেন সেটা তো আর সম্ভব নয়। যখন কলেজ ছেড়ে বিশ্ববিদ্যালয়ের গন্ডিতে এলাম তারপর থেকে সকালে ফজরের নামাজ পড়ে তো আর আপনার কবর জিয়ারত করতে যেতে পারি না সেই থেকে কেমন যেন একটা দূরত্ব তৈরী হয়েছে আমাদের। আপনার কবরের পাশে গেলেই মনে হয় এইতো আপনি আমায় দেখতে পাচ্ছেন, অনেক দিন সেটাও আর সম্ভব হচ্ছেনা। এই মোবাইল প্রযুক্তির যুগেও আপনার খবর নেয়া সম্ভব নয় তবে শুধুই ধারনা নয় বিশ্বাস আপনি ভালো আছেন।
আজ আপনাকে স্মরণ করার একটা দিবস। অনেকেই খুব আয়োজন করে পালন করবে। কিন্তু আমি তো তা করব না। আপনি তো জানেন যে প্রতিদিনই আমি আপনাকে স্মরণ করি।
বাবা আজকের এই দিনে আমি তো তবু কিছু স্মৃতি মনে করতে পারব কিন্তু শামীম কি পারবে ? ওর জীবনে স্মৃতি হওয়ার আগেই তো আপনি চলে গেলেন। বাবা আপনাকে তো আমি দোষারোপ করছি না তবে এটুকু জানাই আমি কিন্তু পারছি না শামীম কে আপনার স্নেহের কিঞ্চিৎ দিতে।
আজ অনেকেই আয়োজন করে বাবার সাথে দেখা করবে, আমি, শামীম বা আপা তো পারব না। অনেকে অনেক কিছু খাবে বাবার সাথে শেয়ার করে কিন্তু আমরা ৩ ভাইবোন এর কেউই তা পারব না। তবে বাবা আমরা ৩ জনই আপনাকে খুব খুব মিস করি প্রতিনিয়ত। আপনি নেই, মায়ের চৌকস হাতে সংসার চলছে, আমি সংসারের হাল ধরি ধরি করেও ধরতে পারছি না এই উর্দ্ধমুখী বাজারে রাজধানীতে বসবাসের কারনে। আমাদের সব কিছুই চলছে তবে আপনি থাকলে আমি হয়ত আরো অনেক সফল হতে পারতাম বাবা।
বাবা আজকের এই বিশেষ দিনে আপনার জন্য দোয়া ও নফল নামাজ রইবে আমার পক্ষ থেকে আর আমার যারা শুভাকাঙ্খী তাদের দোয়াও রইবে আশা করি।
আল্লাহতালা আপনাকে ভাল রাখবেন এই প্রত্যাশায় আজ ইতি টানলাম 'বাবা'।
( আমার মত যারা বাবা হারিয়েছেন আমার বাবা সহ সকল বাবাদের উপর আল্লাহতা'লার রহমত বর্ষণ হোক )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



