
মেঘবালিকা, তোমার সংঙ্গে এমন বৈরী সম্পর্ক
কোন কালেই প্রত্যাশা করিনি আমি
খোলা আসমানের নিচে সমুদ্রের বিশালতায়
কাটাতে চেয়েছিলাম ঝিনুক জীবন।
বৃষ্টির রেখা ধরে উপরে উঠে আসা
অভিমান পর্বগুলো নোনা বালির বুক চিরে
লাল কাঁকড়ার পিঠ বেয়ে বেয়ে আবার নিচে
নেমে আসে।বিষাক্ত ছোবলেরা ঘিরে রাখে
চারপাশ, আর আমি বারবার প্রত্যাখ্যাত হই
অজানা ভুলের মাশুলে।
আমার হৃদয় আজ বিষাক্ত জেলি ফিসের অভয়ারণ্য
আমি নীল বেদনায় বাঁচি, তুমি মাছরাঙার
বুক চিরে রংধনুর সাত রং খোঁজ।
জীবনের সব কটি বসন্ত তোমাকে দিয়ে গেলাম,
তোমার সুখ দেখে দেখে
আমি না হয় আজন্ম উড়নচন্ডী গাংচিল হলাম।
জীবনের নেশা আমার কেটে গেছে
ষোলকলার ভাবনাও ঝরে গেছে,
এও কি কম বলো? বিশ্বব্রহ্মাণ্ডে এমন
স্বাধীনতা ক’জনের মেলে?
তুমি মুক্তি পেলে জীবন ঘিরে
আমি একান্ত স্বাধীনতা বেছে নিলাম।
সর্বস্বত্ব সংরক্ষিত
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


