বিকালে ফেরার পথে দেখি আমার এক ভাইপো (৫বছর বয়সী) কাঁদতে কাঁদতে ফিরছে ৷
জানতে চাইলাম — কাঁদছো কেন ? ও বলল— গুড্ডু আমাকে চড় মেরেছে ৷
আমি বললাম — সেকি ! কেন ?
ও বলল— আমি ওদের বলেছি , আমি মেঘকে ভেঙে ফেলতে পারি জানিস ? ' ওরা বলে আমি নাকি বানিয়ে বলছি ৷ আর তাই চড় মারলো ৷
আমি বললাম — কিন্তু সত্যি তো তুমি ওদের মিথ্যে কেন বললে ! তবে এও ঠিক ওদের তোমাকে মারাও ঠিক হয়নি , আচ্ছা আমি ওদের বকে দেবো ৷
আমার ভাইপো বলল — না আমি মিথ্যে বলি নি , সত্যি বলছি ৷ বলেই চোখ মুছতে মুছতে চলে যাচ্ছে ৷ আমিও ফিরে আসতে লাগলাম৷ তবে হঠাৎ কী মনে হল ওকে ডাকলাম — শোনো , তুমি কি সত্যি সত্যি মেঘ ভাঙতে পারো ?
ও বলল — পারি তো ।
আমি বললাম — কীভাবে পারো বলো আমাকে ?
ও চোখ মুছতে মুছতে একটা বড় ঢিল কুড়িয়ে তুলল আর তারপর যা করলো আমি বিস্মিত !!
ও সামনের পুকুরের জল দেখিয়ে বলল — ওই জল দেখছো , দেখো জলে মেঘ ভাসছে ( মেঘের ছায়াকে দেখিয়ে) ।
আমি বললাম — হ্যাঁ ।
তারপর ও ঢিলটা ছুঁড়ে দিল জলে , অমনি ঢেউয়ে মেঘ সত্যি সত্যি খান খান !
আমি অবাক হলাম এইটুকু বাচ্ছার এত কল্পনা শক্তি ! আমি ওর মুখে এক উজ্জল হাসি দেখলাম , যার মধ্যে সকল কান্না যেন ধুয়ে মুছে গ্যাছে ৷ আমাকে ব্যাপারটা দেখাতে পেরে ও যেন জিতে গ্যাছে ।
বললাম — তো ওদের এটা দেখাও নি কেন ? তাহলে ওরা বিশ্বাস করত ৷
ও বলল — তখন আকাশে মেঘ ছিল না ।
আমি যেন ওর কল্পনা শক্তির কাছে হেরে গেলাম আর একটা শিশুর মতো হাসি ফিরিয়ে দিয়ে বললাম — ঠিক আছে আমি ওদের গিয়ে বকে দিচ্ছি তুমি যাও।
চলে তো এলাম ঘরে , কিন্তু এই বিষয়টা এত আনন্দ দিল আমাকে যে ভাবলাম এটা লিখে বন্ধুদের জানাই ৷ তাই লিখেই ফেললাম।
একটা বাচ্ছা যদি এই বয়সে এত অপূর্ব ভাবে ভাবতে পারে , তবে বড় হয়েও আমরা পারি না কেন ! কীসের এত বাধা ! আমরা কি সত্যিই বোকা ?
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




