জাতীয় পার্টির (জাপা) একাংশের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে এখন দেওয়া হচ্ছে গলফ ট্টিটমেন্ট। এমন কথাই জানালেন মহাজোটের যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার দুপুরে যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক বিভাগে লাইব্রেরি উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) কথিত ‘চিকিৎসাধীন’ হুসেইন মুহম্মদ এরশাদের গলফ খেলাকে ‘চিকিৎসারই অংশ’ বলে মন্তব্য করেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
‘শোনা যাচ্ছে, এরশাদ সাহেব নাকি সিএমএইচে গলফ খেলেছেন’- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘গলফ খেলা এরশাদের জন্য টনিক, ওটা ওষুধের মতো কাজ করছে।’
জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদকে আটক করা হয়েছে কি না, এমন প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, ‘সরকারের মন্ত্রী হয়ে তিনি আটক হয়েছেন কি না, তা কীভাবে বলি? খোলা পরিবেশে তার সঙ্গে দেখা করাটা এখন অনেকটাই নিয়ন্ত্রিত। তবে ৫ জানুয়ারি নির্বাচনের পর উনি বাসায় ফিরবেন। তখন তার মুখ থেকেই সব জানতে পারবেন।’
উল্লেখ্য এর আগে ১২ ডিসেম্বর থেকে ঢাকা সেনানিবাসে সিএমএইচে ‘চিকিৎসাধীন’ এরশাদ কুর্মিটোলা গলফ ক্লাবে গলফ খেলছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগযোগের মাধ্যমে প্রচার হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



