আঁচল-ছেঁড়া কাপড় পরতে পরতে
চোখের জল মুছতে মুছতে
মা আমার উদাস তাকায়।
সোনার চুড়ি হাতে নেই
মেঘডম্বর শাড়িতে মেঘপুঞ্জ
থৈ না পাওয়া দুঃখ নিয়ে কাতর।
বুকচাপড়ানো কষ্ট নিয়ে
তপ্ত-বালুতে ভেজেছে চাল
যা হয়ে উঠেছে যত্ন-স্নেহ-মমতা।
ছেলেরা একেকজন একেক পথে
পা ফেলার ঐকধ্বনি নেই!
একত্র হওয়ার সম্ভাবনা নেই!
ভাঙাচোরা অবস্থায়
পাক দেওয়া ব্যথায় -
গৃহরক্ষা করবে কে? কোন সন্তান?
নিজের মৃত্তিকায় পা ফেলতে কষ্ট
অশ্রুপ্রবাহে এতটা অশ্রুলোচন কেন?
জলদুর্গে আটকা পড়ে থাকবে বর্ষা ছাড়া অন্য ঋতুতেও!
মা-তো চক্ষুদান করেছেন
প্রাণপ্রতিষ্ঠা করেছেন,
তাঁর কি পয়মন্ত দিন আসবে না?
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১৩ বিকাল ৩:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


