কলকাতায় পোস্টার পড়েছে। রবীন্দ্র সদন-নন্দন চত্বরে। হলদেটে সাদা কাগজে লাল কালি দিয়ে বড় বড় করে লেখা তিনটি কথা, ' ভালো নেই ভালোবাসা '।
উড়ালপুলের থামে, পাঁচিলের গায়ে সেই পোস্টার দেখে অনেকের মনে পড়বে কয়েক বছর আগের কথা। সেবারও কলকাতার সব জায়গায় পোস্টার পড়েছিলো। তাতে লেখা ছিলো, ' গলানো সোনা আঠাশ টাকা '। পরে জানা গেল, সেটা ছিলো বাজারে নতুন নামানো সরষের তেলের বিপননের জন্য আগাম বিজ্ঞাপন। কিন্তু এখন যে পোস্টার দেখানো হচ্ছে, ভালোবাসা ভালো নেই জানিয়ে, তা যে কোনও তেল-ফেলের ব্যাপার নয়, হলফ করেই বলা যায়।
তাহলে কীসের কথা এটা? সেই খোঁজে আগ্রহ নেই। আমার আপত্তি কথাটা নিয়ে। আরে, যে ভালোবাসা ভালো থাকে না, তা আবার ভালোবাসা নাকি!
যদি বলা হতো, অমুকের ভালোবাসা ভালো নেই, তাহলে মেনে নেওয়া যেত।
ধরুন আমার কথা। আমি অরণ্যকে ভালোবাসি। অরণ্যের নিবিড়তায় হারিয়ে যাই। অরণ্যের ভিতরে থাকি বা বাইরে,ওর দিনরাত্রির সঙ্গে হারিয়ে যাই। অরণ্য জানেও না ওর মধ্যে কোথায় কোথায় হারিয়ে যাই আমি। টের পায় নিশ্চয়ই। কিন্তু হদিস পায় না। আমিই চেয়েছিলাম এভাবে হারাতে। অরণ্য জায়গা দিয়েছে হারিয়ে যাওয়ার। কিন্তু যদি না দিতো? যদি প্রবল বেগে ডাল পালা নাড়িয়ে বলতো, না। হবে না । তখন? তখন আমার নাম করে যদি বলা হয়, অমুকের ভালোবাসা ভালো নেই, তা মেনে নেব।
কিন্তু যে ভালোবাসা উভয়ে একসঙ্গে মিশে একটা আধারের ভিতরে, যেমন অরণ্যের গহনে আমার থাকা, এমন ভালোবাসা কি কখনও ভালো না থেকে পারে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


