ছোটবেলায় দেখতাম, গ্রামে আমাদের মতো যারা দুর্বল পরিবার ছিল। পাশের বাড়ির ছেলে-পেলেরা নানান ছুতো ধরে দৌড়ে আমাদের ঘরে ঢুকে ল্যাং মেরে যেত।
আমরা ল্যাং খেয়ে মাটিতে লুটিয়ে পড়তাম। জলভরা চোখে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়তাম। আর বলতাম, "আল্লাহ তোমাদের বিচার করবো।"
এটিই দুর্বলের সবচে' বড় অভিশাপ। তাছাড়া কিছুই করার ছিল না আমাদের। বাড়ির মাতবর চাচা বলতেন, "ওরা অনেক ক্ষমতাধর একটু আধটু ল্যাং খেলে কিছু হয় না!"
গ্রামের মোড়ল বলতেন, "দোষ মিয়া তোমাদেরই। তোমরা ওদের পায়ে পাড়া দিয়ে লাগতে যাও কেন?" উল্টো আমাদেরই শাসাতেন মোড়ল। তারপর শান্তনা স্বরূপ বলতেন "আচ্ছা দেখি, কী করা যায়!"
ঐ দেখা পর্যন্তই শেষ।
আজ দুপুরে জয়পুরহাট সদর উপজেলার ধলাহার ইউনিয়নের পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামে ঢুকে স্থানীয় বাসিন্দাদের ওপর একেবারে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে গুলি চালিয়েছে বিএসএফ। পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামের কয়েকজন যুবক পুকুরে মাছ ধরতে যান। সেই মাছ ধরাকে কেন্দ্র করে খানিক বাক-বিতণ্ডার জের ধরে ২৫ / ৩০ জন বিএসএফ সদস্য বাংলাদেশের পাঁচ-ছয়শ’ গজ অভ্যন্তরের পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামে ঢোকেন। তাঁরা সেখানে কয়েকজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়েন। কয়েকজনকে মারপিট করে বীর দর্পে চলে যান।
এ ঘটনায় একজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ অপর চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবরটি পড়ার পর আমার ছোটবেলার সেই ল্যাং খাওয়ার কথা মনে পড়ে গেল। হাড় কাঁপানো একটা দীর্ঘ নিঃশ্বাস বেড়িয়ে এলো বুকের গভীর থেকে।
আমারা দুর্বল। আর দুর্বলদের পরে পরে মার খাওয়াটাই তো স্বাভাবিক.....
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



