না ঘুমানোর দল
-আল মাহমুদ
নারকেলের ঐ লম্বা মাথায় হঠাৎ দেখি কাল
ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা গোলগাল
ছিঁটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর
ঘুমন্ত এই মস্ত শহর করছিলো থরথর।
মিনারটাকে দেখছি যেন দাঁড়িয়ে আছেন কেউ
পাথরঘাটার গির্জাটাকি লাল পাথরের ঢেউ?
চৌকিদারের হাঁক শুনে যেই মোড় ফিরেছি বাঁয়
কোত্থেকে এক উটকো পাহাড় ডাক দিলো আয় আয়।
পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিঘিটার পাড়
এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার।
আমায় দেখে কলকলিয়ে দিঘির কালো জল
বললো এসো আমরা সবাই না ঘুমানোর দল।
পকেট থেকে খোলো তোমার পদ্য লেখার ভাঁজ
রক্তজবার ঝোপের কাছে কাব্য হবে আজ
দিঘির কথায় উঠলো হেসে ফুল-পাখিদের সব
কাব্য হবে, কাব্য হবে জুড়লো কলরব।
কি আর করি পকেট থেকে খুলি ছড়ার বই
পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই।
(কবিতাটি ক্লাশ সেভেন-এ পড়েছিলাম)
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০০৬ ভোর ৪:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




