সেদিনের ঐ বিকেলটাতে একলা আমি
একলা বসে ভাবছি বুঝি আপন মনে
আপন মনে দুঃখ সাজাই সংগোপনে
এক মানবীর জিজ্ঞাসাতেই হঠাৎ থামি!!
খুব হিসেবী এক মানবী জিজ্ঞাসিলো-
এখন আমার প্রহরগুলো কেমন কাটে;
কেমন কাটে এখন আমার একলাঘাটে
কেমন কাটে এখন আমার বিকেলগুলো।
জিজ্ঞাসিলো এখন আমি আছি কেমন-
কেমন আছে আমার বেহাল স্বপ্নগুলো
এখনও কি উড়িয়ে চলি পথের ধুলো?
এখনও কি আছি আমি, ছিলাম যেমন!!
জিজ্ঞাসা তার দৃষ্টিককোণে খুবই গোপন,
কেমন করেই স্বপ্ন বেচি হার-হামেশায়
কেমন করেই বেচেই চলি রং-তামাশায়
কেমন করে করি আমি স্বপ্নের রোপন!!
জিজ্ঞাসিত এসব কথায় বিভোর আমি?
এটাও তার জিজ্ঞাসারই অংশ ছিলো;
এমন অনেক জিজ্ঞাসাতেই জেনে নিলো
ক্যামনে আমি স্বপ্নছুঁয়ে বাস্তবতায় নামি!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


