বুকের বিভাস ছুঁয়ে দেখো !
ভোরের বকুল ভেজা ফাগুনের রোদে -
রোদসীর ধুলো জল, ধুপছায়া জাদু
তোমার হৃদয়ে রোদ - রঙ্গনের সুর মেখে দেবে ।
চোখের গভীরে চোখ রাখো !
সাত-ঋষি তারাদের সজীবতা মাখা
কবিতার ভিটেমাটি আমার শহর -
তোমার সুখের সিঁড়ি, সুরের প্রাসাদ হয়ে যাবে ।
আমার বোধিতে মিশে দেখো !
বিরল বিভবে প্লুত বেদনার নদী-
তোমার রক্তের স্রোতে মিলে মিশে এক
জীবনের সুরনদী - সাগরের বিশালতা নেবে ।
ঠোঁটের বিসারে মুখ রখো !
জীবন উজার করা প্রেমের পাথার -
পরাগের পেলবতা ; সুরের ছোঁয়াচ
তোমার চোখের রোদে সুখের বাসর গড়ে দেবে ।
(পরিশীলিত)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


