মহামান্য
প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বিষয়ঃ ব্রাজিল ও আর্জেন্টিনা নামক পৃথক দুটি জেলা চাইয়া আকুল আবেদন
মান্যবর
আমি দেশপ্রেম ও স্বজাতি গৌরবে গর্বিত আপনার দ্বারা অনুপ্রাণিত একজন নাগরিক একখান বিনীত নিবেদন লইয়া হাজির। আপনার নেতৃত্বে আমরা এই দেশের নাগরিক সকল এক ৪র্থ-বার্ষিক ঘোড়ারোগে আক্রান্ত হইয়া ব্যাবাক কষ্টে আছি। অন্যথায় আমরা সুখেই দিন কাটাইতে ছিলাম। চার বৎসর অন্তর অন্তর আমরা এই ভীষণ ছোয়াচে ঘোড়া রোগে আক্রান্ত হয়ে পাগলের ন্যায় আর্জেন্টিনা ব্রাজিল প্রলাপ করিতে থাকি। বলা বাহুল্য ঘোড়া রোগ গরিবেরই হওয়া থাকে। তাই দেশপ্রেমে ও ফুটবলে কাঙাল এই দেশে এই ঘোড়া রোগের প্রকোপ বেশি। মাননীয় নেতা, মাঝে মধ্যে ভ্রম হয় । হায় !এই ব্রাজিল-আর্জেন্টিনা পাগল নাগরিক সকল যদি দেশের ফুটবল উন্নয়নে এমন উন্মাদ হইতো তবে আমরাও কি একদিন বিশ্বকাপ খেলিতাম না ? আমার এই ভ্রম-স্বপ্নের দৃষ্টতা নিজগুনে ক্ষমা করিবেন।
পরম শ্রদ্ধেয়
আপনিও জানিয়া থাকিবেন রানীখেত আক্রান্ত মুরগিকে খামারে রাখে না। তাই এইসকল ব্রাজিল আর্জেন্টিনা ছোয়াচে ঘোড়া রোগে আক্রান্ত ব্যক্তি ও দেশের সাধারণ নাগরিক উভয় কূলের জন্য পৃথক আবাস একান্ত প্রয়োজন। তাই এই ছোয়াচে রুগীদের জন্য পৃথক দুটি জেলা (আর্জেন্টিনা-ব্রাজিল) স্থাপন এখন সময়ের দাবী। জঙ্গলময় দেশ ব্রাজিলের পরিবেশ অনুযায়ী সুন্দরবনের গহীনে বা দক্ষিণ ভাগে ব্রাজিল জেলা। আর তদ্রূপ সেন্ট মারটিন বা তাঁরও দক্ষিণে কোন রকমে একখান দ্বীপ অধিগ্রহণ করিয়া আর্জেন্টিনা জেলা। ইহাদের একই স্থানে দিলে নিজেদের মধ্যে দ্বন্দ করিয়া গৃহ যুদ্ধ বাধাইয়া দিবার সমূহ সম্ভাবনা আছে তাই দেশের সীমানায় দুই কোনায় ইহাদের আবাস করা যাইতে পারে যা কিনা মূল ভূখন্ড হইতে দূরবর্তী। ইহাদের যন্ত্রনায় ও পিড়িত হইবার দুঃখে চায়ের দোকান থেকে সোশ্যাল মিডিয়া, পাড়ার আড্ডা থেকে কেবনেট মিটিং একে একে সকল আক্রান্ত হইতেছে। সম্পূর্ণ নাগরিক নির্ভর এই দেশের নাগরিক সকল এমন দ্রুত আক্রান্ত হইতে থাকিলে কি মহাবিপত্তি হইবে তা আপনি নিশ্চয়ই অবগত আছেন।
অতএব মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে আমার সবিনয় নিবেদন এই যে দ্রুত ব্রাজিল ও আর্জেন্টিনা নামক দুইটি জেলা ঘোষণা করিয়া এই ছোয়াচে রোগীদের স্থানান্তর করিয়া দেশের বাকী সাধারণ নাগরিকের জীবন বাচাইতে যেন আপনার মর্জি হয়।
বিনীত নিবেদক
ছোয়াচে আর্জেন্টিনা ঘোড়া রোগে আক্রান্ত
আপনার একান্ত অনুগত নাগরিক
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০১৮ রাত ১১:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



