Click This Link
আল মুরাজায়াত
(পত্রালাপ)
গ্রন্থকার : আল্লামাহ্ সাইয়্যেদ আবদুল হুসাইন শারাফুদ্দীন আল মুসাভী
অনুবাদ : আবুল কাসেম
Click This Link
প্রকাশকের কথা
জ্ঞানের চেয়ে বড় আর কোন সম্পদ এই পৃথিবীতে নেই। এটি এমন এক মূল্যবান ও স্থায়ী সম্পদ যা প্রচুর পরিমাণ দান করলেও বিন্দুমাত্র হ্রাস পায় না। জ্ঞান হলো নূর বা আলো যা পৃথিবীর মানুষকে পথ দেখায়। মহান আল্লাহ্ বলেছেন যে, সে-ই বেশি তাকওয়াসম্পন্ন যে বেশী জ্ঞানী। মহান আল্লাহ্ আরো বলেছেন, যে জানে আর যে জানে না তারা দু’জন সমান নয়। এই জ্ঞান অর্জনের পথে কারো মৃত্যু হলে তাকে শহীদের মৃত্যুসম বলা হয়েছে। তাই এই জ্ঞান অর্জনে একে অপরের সাথে সহযোগিতা করা- একে অপরের সাথে প্রতিযোগিতা করা উভয়ই কল্যাণকর ও আনন্দদায়ক। জ্ঞান লাভের উদ্দেশ্য হলো অন্ধকার ও অজ্ঞতা দূর করা। অনৈক্য ও বিভেদ মুছে ফেলা। আর সত্যের চূড়ায় আরোহণ করা। যুগে যুগে যেসব সাধক মনীষী এ অনুভূতি নিয়ে কাজ করেছেন, পরস্পর বন্ধুত্ব করেছেন, কথা বলেছেন আল্লামাহ্ শারাফুদ্দীন (রহঃ) ও মিশরের আল আযহার বিশ্ববিদ্যালয়ের প্রধান শেখ সালিম আল বিশরী (রহঃ) তাঁদেরই অন্যতম পুরোধা। মুসলমানদের মাঝের বিতর্কিত বিষয়গুলো পরিহার করা ও সর্বজনস্বীকৃত বিষয়গুলোর দিকে সবারই ফিরে আসা এই ছিল তাঁদের পত্রালাপের মূল প্রতিপাদ্য। সর্বজনস্বীকৃত হাদীস, তাফসির, রেওয়ায়েতসমূহ তাঁদের পরিচয়, বন্ধুত্ব ও পত্রালাপকে পূর্ণতা দিয়েছিল। নিগুঢ় ভালবাসা ও শ্রদ্ধায় আবদ্ধ হয়েছিলেন তাঁরা। পরস্পরের অমিল, অনৈক্য ও বিভেদসূচক বিষয়াদি নিয়ে যখন মুসলিম বিশ্ব চিন্তা ও দলগত শত শত ফিরকায় বিচ্ছিন্ন তখন এই দুই শ্রেষ্ঠ আলেম খুঁজেছিলেন মিল ও ঐক্যের সূত্রসমূহ। তাঁদের যুগের সীমা পেরিয়ে এ ঐক্য আমাদেরও উদাত্ত আহ্বান জানাচ্ছে।
আল্লামাহ্ শারাফুদ্দীন ও আল্লামাহ্ শেখ সালিম-এর পত্রালাপই আরবী ভাষায় ‘আল মুরাজায়াত’ নামে সংকলিত হয়। ‘মুরাজায়াত’ অর্থ পরস্পর রুজু হওয়া বা পরস্পরের দিকে মুখাপেক্ষী হওয়া।
এ মহামূল্যবান গ্রন্থটি ইতোমধ্যে বিভিন্ন ভাষায় প্রকাশিত হয়েছে। বাংলা ভাষায় এই বইটি প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। এই বইটি অনুবাদ করতে জনাব আবুল কাসেম যে অক্লান্ত পরিশ্রম করেছেন তার জন্য মহান আল্লাহ্র কাছে বড় পুরস্কার আশা করছি। অনুবাদ, সম্পাদনা, প্রকাশনার প্রতিটি পর্যায়ে যাঁরা কষ্ট করেছেন, উৎসাহ যুগিয়েছেন তাঁদের জানাই আন্তরিক ধন্যবাদ।
বইটি আজকের বাংলা ভাষী সত্যান্বেষী মানুষকে উপকৃত করলে ও মুসলমানদের ঐক্যের পথে এগিয়ে নিলেই আমাদের এ শ্রম সার্থক হবে। মহান আল্লাহ্র সাহায্য কামনা করছি।
লেখক পরিচিতি
সাইয়্যেদ আবদুল হুসাইন শারাফুদ্দীন ১২৯০ হিজরীতে ইরাকের কাযেমাইন শহরে জন্মগ্রহণ করেন। তিনি এমন এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন যেখানে জ্ঞানের পূর্ণ পরিবেশ ছিল। তিনি এ সুযোগের সদ্ব্যবহার করে নিজেকে ইসলামের একজন পরিপূর্ণ আলেম হিসেবে প্রস্তুত করতে তৎপর হন। তিনি হযরত আলী (আঃ)-এর সমাধিস্থলের নিকটে প্রতিষ্ঠিত নাজাফের মাদ্রাসায় বিশিষ্ট আলেমদের নিকট উসূল, ফিকাহ্ ও ইসলামী জ্ঞানে পাণ্ডিত্য অর্জন করেন। তাঁর শিক্ষকদের মধ্যে সাইয়্যেদ কাযেম তাবাতাবায়ী, আখুন্দ খোরাসানী, ফাতহুল্লাই ইস্ফাহানী, শেখ মুহাম্মদ ত্বাহা নাজাফ এবং হাসান কারবালাই প্রসিদ্ধ।
এই বিশিষ্ট আলেমের বিশেষত্ব ছিল এই যে, তিনি অধিকাংশ দীনী ছাত্রের ন্যায় শুধু ধর্মীয় পড়াশুনায়ই সময় কাটাতেন না, বরং ইসলামী সমাজের অবস্থা সম্পর্কে বিশেষভাবে সচেতন ছিলেন ও সমাজের সমস্যাসমূহের সমাধানের পথ খুঁজতেন। বিশেষত এ গ্রন্থের ভূমিকায় তাঁর নিম্নোক্ত মন্তব্য থেকে তা বোঝা যায়। তিনি বলেছেন, “তরুণ বয়স থেকেই শিয়া ও সুন্নী এ দু’মাজহাবের মধ্যে অনৈক্যের বিষয়টি আমাকে কষ্ট দিত ও আমি এ অবস্থা হতে মুক্তির পথ খুঁজতাম।”
তিনি ৩২ বছর বয়সে লেবাননের ‘জাবালূল আমেল’-এ হিজরত করেন। আমেলের অধিবাসী ও আলেমগণ তাঁকে সাদরে গ্রহণ করেন। তিনি সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের ঐশী নির্দেশ বাস্তবায়নে স্বৈরাচারী শাসকদের বিরুদ্ধে মজলুমদের পাশে গিয়ে দাঁড়ান। এক্ষেত্রে তাঁর জ্ঞানগর্ভ বাণী ও বক্তব্য লেবাননের আলেমদের ধমনীতে রক্ত সঞ্চালন করত।
তিনি শুধু স্থানীয় শাসকদের বিরুদ্ধেই নয়, বরং তৎকালীন উপনিবেশবাদী ফরাসীদের বিরুদ্ধে সোচ্চার হন। ফরাসীদের তৎপরতায় তিনি বাধ্য হয়ে সিরিয়ায় হিজরত করেন। ফরাসী সৈন্যরা লেবাননের শাখুরে তাঁর গৃহে ও সোউরে তাঁর গ্রন্থাগারে অগ্নিসংযোগ করে। এ গ্রন্থাগারে সংরক্ষিত তাঁর লিখিত উনিশটি গ্রন্থ এতে নিশ্চিহ্ন হয়ে যায়। এ কর্মে ফরাসীদের সভ্যতার রূপ উন্মোচিত হয়।
সিরিয়াতেও তিনি আলেম ও সাধারণ মানুষদের সঙ্গে নিয়ে ফরাসী উপনিবেশবাদীদের বিরুদ্ধে সোচ্চার হন। এতে ফরাসীরা ক্ষুব্ধ হয়ে তাঁকেসহ এ আন্দোলনের অসংখ্য নেতাকে ফিলিস্তিনে নির্বাসিত করে। কয়েক মাস সেখানে অবস্থানের পর ১৩৩৮ হিজরীতে তিনি স্বেচ্ছায় মিশর গমন করেন এবং বিশিষ্ট ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে পরিচিত হন ও বন্ধুত্ব গড়ে তোলেন। যেহেতু তিনি ১৩২৯ ও ১৩৩০ হিজরীতে দু’বার মিশর এসেছিলেন সেহেতু মিশরের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আলেমগণ তাঁকে চিনতেন। এখানেই তাঁর সাথে আল আযহার বিশ্ববিদ্যালয়ের প্রধান শেখ সালিমের সাথে কয়েকটি বৈঠক হয়। এই সম্পর্কের ধারাবাহিকতায় তাঁদের মধ্যে প্রচুর পত্র বিনিময় হয় যা গ্রন্থাকারে ‘আল মুরাজায়াত’ নামে পরবর্তীতে প্রকাশিত হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

