
পথে যেতে চোখে পড়লো নিঃসংগ এক বৃক্ষ। পাতা ভরা ডালে একদিন সে শোভিত ছিল।
এখন সে শুষ্ক তরু। আজ ভীষণ নিঃসঙ্গ। ঠায় দাঁড়িয়ে আছে একাকী। অক্টোবরের প্রায় শুরুর দিকে পঞ্চম দিন ছিল সেদিন। সকালের মাত্র শুরু। রোদ ঝলমলে দিন। তাপমাত্রা ৮ ডিগ্রী সেন্টিগ্রেড। তাকে দেখে মনে হলো, পাতা ছাড়ার সে কি আপ্রাণ চেষ্টা তার সমস্ত কান্ড জুড়ে। সে যেন আবার বাঁচতে চায়। বজ্রপাতে দ্বিখন্ডিত একটা গাছ দেখে খুব কষ্ট পেয়েছিলাম একবার । তখন ২০০৭; হাতে হাতে ক্যামেরা ছিল না যে ছবি তুলে রাখবো। কিন্তু স্মৃতিতে সেই ভয়ংকর দৃশ্য এখনো প্রকট । আর এবার ২০২৬; এই গাছটি সামনে এলো।
বৃক্ষটির নিঃসংগ আর ঠাঁয় দাঁড়িয়ে থাকা দেখে আরো মনে হলো, মানুষের জীবনের শেষ পরিণতিও অনেকটা এইরকম। শুষ্ক এই তরু একদিন তো এমন ছিল না।
তার ডালে বসে পাখিরা কি গান গায় নি? পাখিরা কি ঘর বাঁধে নি?
তার ছায়ায় ক্লান্ত পথিক কি বিশ্রাম নেয় নি?
সময়ের সাথে সাথে সব যেন বদলে গেছে। আমাদের জীবনেও উচ্ছ্বাস, কর্মব্যস্ততা, প্রিয়জনের সান্নিধ্য আর সম্পর্কের কোলাহল একসময় ফিকে হয়ে আসে। চারপাশের পরিচিত মুখগুলো হারিয়ে যায়। তখন স্মৃতিগুলোই হয়ে ওঠে একমাত্র সঙ্গী।
আমরা যেন এই শুষ্ক তরুটির মতো অতীত বসন্তের সাক্ষী হয়ে একাকী হয়ে পড়ি।
পার হয়ে যাওয়া সময় জানান দেয় আমাদের ক্ষয়ে যাওয়া অবয়বের মাঝেও লুকিয়ে আছে পূর্ণ জীবনের ইতিহাস। এই বৃক্ষটির মতন অসংখ্য পার হয়ে আসা বসন্তের নীরব গল্পও আছে ।
মানুষের বার্ধক্য ও নিঃসঙ্গতা এমনি কঠিন এক বাস্তবতা।
কিন্তু তারপরও, এ যেন শূন্যতা নয়, দীর্ঘ দিনের চলতে থাকা জীবন -পথের অভিজ্ঞতাপূর্ণ এক নীরব অধ্যায়।
জীবন একটা গল্প। জীবন নিজেই একটা উপন্যাস।

ছবি ব্লগ -৫ ফুল দল
ছবি ব্লগ -৪ বর্ষণমুখর সকাল
ছবি ব্লগ - ৩ কফি শপ
ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




