#sehritales2021
#day29
#almost
তোমায় দিলাম উড়তি চুমু দুটো
প্রতিদানে ফিরতি পেলাম চড়ও
তোমায় ছাড়া বাঁচবো না এই বলে
জবাব পেলাম "দূরে গিয়ে মরো।"
এক বিকেলে চায়ের কাপে তুমি
ভাসছো দেখি দুধের সরের মতো
চাও না আমায় বলেও দাও দেখা
নিজের থেকে আর পালাবে কতো?
ক্লাসের পরে এক দুপুরে দেখি
খুঁজছো তুমি ফিরতি পথের অটো
বলছি না তাও রিকশা নেবে নাকি
বললে যদি হঠাৎ করেই চটো
খুব গরমে ঘামছে তোমার মুখ
নাক বেয়েও নামছে ঘামের ফোঁটা
একটু পরেই মিলবে যে বাতাসে
তারও আছে তোমায় ছোঁয়ার কোটা।
সব্জি ভ্যানের সামনেতে দাঁড়িয়ে
কিনলে দুটো হলদে পাকা পেঁপে
ওড়না দিয়ে খুব করে মুখ মুছে
অটো পেয়েই উঠলে তাতে চেপে
পথের ধুলো উড়ছে ঐ বাতাসে
ছুঁচ্ছে তোমায় মনের সুখ মিটিয়ে
ইচ্ছে তো হয় দিই ভিজিয়ে তাদের
দু বালতি জল এক্ষুনি ছিটিয়ে!
ঐ বাড়িটার সাত তলাতে আবাস
তোমার আর তোমার দু রুমমেটের
জানলা গ্রিলে ঝুলছে দুটো ত্যানা
সন্ধ্যে হলেই বন্ধ তালা গেটের।
ভোর সকালে কফির মগটা হাতে
দাঁড়াও যখন ঐ জানালার গ্রিলে
মুখটা ঈষৎ ডান দিকে ফেরালে
রোদ চুমু খায় তোমার নরম গালে।
ন'টা বাজে ভার্সিটি বাস আসে
রোদটা তখন ঝলমলিয়ে হাসে
ভার্সিটি বাস কম্বাইন্ড যদি হতো
বসতে কি এই আমার সিটের পাশে?
ক্লাসগুলো সব করতে লাগে যা-তা
তাও তো করো বেশ মনোযোগ দিয়ে
ক্লাস বিরতি পার করো খুব হেসে
সঙ্গে থাকে তোমার যত ইয়ে!
আজকাল আর পায় না তো ঘুম ক্লাসে
তোমায় দেখে যায় কেটে তা বেশ
চোখ দুটো খুব ক্লান্ত হয়ে সারা
তাও কাটে না তোমায় দেখার রেশ।
ভেবেছিলাম প্রায় পেয়েই গেছি
আসলেতো হয় না তোমায় পাওয়া
তবুও তোমার সঙ্গ দু-এক মিনিট
এইটুকু ব্যস। এটাই শুধু চাওয়া।
এই কবিতা আসলো মাথায় কেন?
কারণ হলো হচ্ছে পড়া শ্রীজাত
তোমার ছোট মনপাখিটা বলো
আমার কাছে করছো কবে আজাদ?
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০২১ রাত ৯:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




