বিষণ্ণময়ী
ইফতেখারুল মবিন
তুমি বিষণ্ণময়ীর সাজে সেজে
অপরূপ রূপের আড়ালে কেন
বিষণ্ণতাকে তাড়া করে বেড়াও?
সুকুমার প্রকৃতি মাঝারে কেন
ডেকে আনো বিষণ্ণতার ছোঁয়া?
আলোর মাঝে আঁধার খুঁজে
জীবনের প্রকৃত অর্থকে কি খুঁজে পাও?
তুমি কি জানো না,তোমার বিষণ্ণতায়
রাত্রির বুকে কষ্টেরা দেয় হাতছানি,
আকাশের মাঝের দুঃখ-গুলো
মেঘ হয়ে রয় জমে;
নীল প্রজাপতিগুলো ডানা ঝাঁপটায়?
তুমি কি বোঝো না,তোমার বিষণ্ণতায়
প্রকৃতির বুকে নেমে আসে বিষণ্ণতা;
সিন্ধু মাঝারে কেঁদে ওঠে জলধারা,
সদ্যফোটা গোলাপ ঝরে পড়ে,
বিন্দু বিন্দু শিশির কণা যায় শুকিয়ে?
তাই বিষণ্ণময়ী তোমার প্রতি
অশ্রুসিক্ত লোচনে আহ্বান-
বিষণ্ণতাকে নিয়ে করো না খেলা,
করো না একে নিয়ে বিলাসিতা;
বিষণ্ণতাকে অদূর সমীরণে ভাসিয়ে
ভালোবাসার দ্বার করো উন্মুক্ত;
ভালোবাসার হাতছানিতে আপন করে নাও
সুচারুরূপে প্রকৃতির সকল সম্ভারকে;
তাহলেই তুমি বসুন্ধরার বুকে
প্রজ্জ্বলিত হবে ইন্দ্রালয়ের অপ্সরী হয়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



