
আলোর ঠিকানায়
ইফতেখারুল মবিন
অবশেষে আমি নিজেই প্রদীপ জ্বাললাম।
আর কেনই বা জ্বালবো না আলো তিমিরের ভিড়ে?
ছোট ছোট জোনাকিরা যদি পারে
আঁধারে জ্বালাতে আলো,
দিবাকর প্রভাত-বেলায় ওঠে হেসে
তার দ্যুতিমাখা মুখে দূর নীলিমাতে,
সারা পৃথিবীকে তার জৌলুসে
করে দীপ্তিময় রঙিন।
পূর্ণিমা চাঁদও তো তিমিরে জ্বালে
স্ফূর্তিময় বাসনার আভা,
স্রোতস্বিনীর ঢেউয়ে ঢেউয়ে সেই আভা
প্রতিসৃত হয়ে ছড়িয়ে পড়ে প্রকৃতিতে।
নক্ষত্রলোকের শতকোটি তারাও তো ভেসে ওঠে
নিজ আলোক প্রতিমা নিয়ে।
আর আমি তো মানুষ।
আমি কেন পারবো না নিরালোকে
আনতে আলোকের ছোঁয়া?
প্রকৃতিতে কেন এঁকে দিতে পারবো না
একটুকরো রঙিন স্বপ্ন?
বসুমতি,সে তো আলো-আঁধারে ঘেরা
অন্তহীন এক উঠোন।
সেই উঠোন থেকেই করতে হবে
আলোকের সন্ধান।
তাই তো আমি প্রদীপটারে হাতে তুলে নিয়ে
অন্ধকারাচ্ছন্ন আবাসভূমি থেকে বেরিয়ে পড়েছি
আলোর ঠিকানায়……….
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



