
শ্রাবণের বৃষ্টি
ইফতেখারুল মবিন
আমি আকাশ হয়েছিলাম,তুমি মেঘ
আলো-ছায়ায় বিচরণ ছিল অনবরত
শেষ রজনীর চাঁদকে ঘিরেও ছিল-
লুকোচুরি খেলা।
মেঘের ভেলা হতে তুমি-
কাশবনের কন্যার ন্যায়।
কখনোই ছাড়পত্র দেই নি তোমায়,
অসূর্যস্পশ্যা করেও রাখি নি।
পুরোটা জুড়ে ছেয়ে থাকতে আমার;
তোমার স্পর্শেই নীলাভ হতাম
খুঁজে পেতাম ভালোবাসার স্বাদ।
ভাগ্যপরিক্রমায় আমি এখন আর আকাশ নই
হতে পারি নি প্রেমিক কিংবা বিপ্লবী।
ধূসর দীপের মাঝে গড়েছি বসতি,
গোধূলির মায়াজাল এখানে কুয়াশা ছড়ায়।
তোমার থেকে দূরে থাকার চেষ্টায়-
হয়েছি জনমানবহীন বিচ্ছিন্ন কবি,
অসম্ভব বিষণ্ণতায় ডুবে থাকি সারাক্ষণ।
তথাপিও আশার ধ্বনিরা ঘণ্টা বাঁজায়,
উঁকি দিয়ে যায় মেঘের আগমনী বার্তা-
শ্রাবণের গভীর আঁধারে।
আমি জানি,ঘুরেফিরে আসবে তুমি
হয়তো বা মেঘ নয়-
শ্রাবণের বৃষ্টি হয়ে আমার আঙিনায়।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



