পৃথিবীর সকল কবি শোন,
তোমাদের কাছে আমার এক আর্জি আছে।
বহু পথ পারি দিয়ে এসেছি আমি,
আমার জুতোয় অবশ্য কোন পেরেক ছিল না!
কারন আমার তো কোন জুতোই নেই।
কবি শোন, তোমাদের কাছে আসতে অনেক কষ্ট হয়েছে আমার,
তোমরা আমাকে ফিরিয়ে দিওনা,
আমার তো আর কারও কাছে যাওয়ার ছিল না, ঈশ্বর ছাড়া ;
কিন্তু ঈশ্বর আমাকে পাখা দিতে ভুলে গেছেন,-
তাই আমি সাত আসমান উড়ে যেতে পারিনি।
ডানাহীন এই আমার তোমরা ছাড়া আর কে ছিল যাওয়ার?
কবি শোন, পৃথিবীর মহত্তম স্বপ্নবাজের দল শোন!
আমাকে একটা চাঁদ লিখে দাও,
সরল, মায়ালু, মায়াবী একটা চাঁদ।
যে চাঁদে কোন অমাবস্যা নেই,
তাই তার কখনও ছিল না কোন পূর্ণিমা!
খুকুর কপালে প্রহরী হয়ে থাকা চাঁদের মত,
যে চাঁদটা দিশারী হবে পতিত বুড়ো খোকাদের!
ঝলসানো রুটি হবে ক্ষুধাতুর নিশীথে,
গৃহত্যাগী পথিকের পিছুটান হবে,
আর হবে বাতিঘর,- যখন আমি দিকভ্রান্ত তোমায় খুঁজি।
তোমরা আমাকে ফিরিয়ে দিও না কবি !
ঈশ্বর যা করেন নি,
তা করার তোমরা ছাড়া আর কে আছে এই পৃথিবীর?
** কৃতজ্ঞতা- বন্ধু রাজন।
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



