কত ব্যর্থ কবির দীর্ঘশ্বাস জমে,
একজন কবি জন্ম নেয়,
কেউ সে খবর রাখে না রাখুক,
কবিতাকে রাখতে হয়।
কত বরফ গললে পরে,
একটা নদী বয়,
পাহাড় যদি না জানে জানুক,
পথকে জানতে হয়।
কতটুকু আলো নিভে গেলে পরে,
সোনালি সন্ধ্যা নামে,
আকাশের কানে কেউ না বলুক,
চিলেরা কিন্তু বলে।
কত প্রানবীজ অঝরে ঝরে,
প্রেমে অপ্রেমে কামে,
পুরুষ সে খবর রাখেনি কখনও,
মেঘেরা ঠিকই জানে।
কত ক্ষরন বুকে সয় যে ঝিনুক;-
একটা মুক্ত নেবে বলে,
মানবী কখনও জানবেও না,
মৃত্তিকা ঠিকই জানে।
কয় ফোঁটা রক্ত মাটিতে মিশে,
ফসলের ফুল ফোটে,
তোমরা কি আর জানবে সেটা !
মজদুর শুধু জানে।
কতটুকু প্রেম পায়ে দলে গেলে,
স্বপ্ন সত্যি হয়,
ভোরের শিশিরের আছে সে খবর,
সূর্য তো মিছে নয়!
কতটুকু দূর হয়ে গেলে পরে,
তুমি হয়ে যাও পর,
সেই খোঁজটাই আমি করে যাই,
দিবস রজনী ভর।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



