কৈশোরে আমার একটা পাখি ছিল,নাম বলতো একাপাখি ।
গল্পের পাখিদের মত অবশ্য একাপাখি গান গাইত না।
আমাদের দেখা হয়েছিলো সদ্য ডানা মেলা শিখছি দুজন, এরকম সময়ে।
জীবনের সেই কাশবন বেলা, বৃষ্টি ভেজা চড়ুইয়ের হাতছানিতে,
গুটি গুটি পায়ে যখন সবে সবকিছুর শুরু ! তখন খুব বেশী দেখা হতনা বটে,
আসলে সুযোগ ছিলনা যে! চারিদিকে ছিল এত সামাজিক শকুনের চোখ রাঙ্গানি!
পালক ছিরে ছিরে মনের কথা লিখে ভাসিয়ে দিয়েছি কত,
কত সহজেই দূর ব্যবধানেও অনায়াসে গড়ে তুলতাম যুগল অমল আকাশ।
‘আমাদের উড়বার আকাশ নেই, চল আমরাই আমাদের আকাশ হই!’
-হতামও তাই। ধু ধু নিরালা দুপুরের প্রথম ভেজা বিদ্যুতের শিহরণ !
গল্পের পাখিদের মত একাপাখি গান না গাইলেও, গল্পের ঝড়টা ঠিকই
একদিন হানা দেয়, তারপর কে যে কোন আকাশে ছিটকে গেলাম !
এখন আর চাইলেও তা মনে করে বলতে পারবনা তোমাদের ।
এই সেদিন এক আচমকা রোদ্দুরে দেখা হয়ে গেল একাপাখির সাথে,
কিছু অপ্রয়োজনীয় ধ্বনি ও প্রয়োজনীয় নীরবতায়,
নেহাত অনভ্যস্ত আড়ষ্টতায়, দুজন আবার ছুট দিলাম আপন নিশানায়।
রেলগাড়ির কামরায় হঠাৎ দেখার মত কিছু ঘটল না বটে, নাকি ঘটল?!
হতেও পারে, হয়তবা দিনের আলোয় লুকিয়ে থাকা রাতের তারার খোঁজে,
হাজির হলাম এক বিকালে একাপাখির নীড়ে, দরজা খুলতেই,
কিচির মিচির সঙ্গীত ধাক্কা দিল, একাপাখি বেশ কয়েকটি ছানা ফুটিয়েছে,
এক একটি ছানা যেন এক এক দানা মায়া! চোখ জুড়িয়ে গেল!
একথা, সেকথায়, পুরানো সেই সব উড়াউড়ির গল্পে, দুজনের মাঝে সেই দুপুরের
চিলতে রোদ ঢুকে পড়ে, নীড় ছেড়ে গাছের সবথেকে নিঃসঙ্গ চূড়ায় দুজন যখন ,
হঠাৎ এক অচেনা সাঁঝে নিভে যায় রোদটুকু,
ডানা গুটিয়ে নিশ্চল আমি আর একাপাখি,
জেনে গেলাম,একই আকাশের নিচে,তবু আর আমরা আমাদের আকাশ নই !
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



