কোথা থেকে রাজ্যের
মন খারাপগুলো যে সব উড়ে আসে!
কেন রে ? মন খারাপের ছানাগুলো,
তোদের কি ঘর বাড়ি নেই?
শুধু শুধু তোরা আমার চালেই কেন বাসা বাঁধিস?
অবশ্য তোদেরই বা দোষ দেব কেন?
কেমন সব সুখী সুখী মানুষগুলো!
ওদের ভিটেই তোদের কি আর ঠাঁই আছে?
গেলেই কেমন দূর দূর ঝাঁটা মেরে তাড়িয়ে দেয়!
আমি কিন্তু পারিনা এমনটা,
আমার ভীষণ মায়া পড়ে গেছে!
সেই কবে থেকে বিকেল হলেই
ডানা মেলে উড়ে আসিস তোরা,
তোদের হাত ধরে
খেলতে খেলতেই না বড় হয়ে গেলাম!
সেইসব তো কোন সুদূরের কথা...
সেইসব যেন গতকাল কার কথা...
ভুলগুলো কবেই ফুল হয়ে ঝরে গেছে
তোরা তবু পিছু ছাড়লি না!
বিষন্নতা শিকারী ঘুঘুর দল-
তোদের গানে,-
করুনা ঝরুক!
করুনা ঝরুক!
করুনা ঝরুক!
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৩ রাত ১০:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



