করোটির ভাঁজে ভাঁজে আদিম আত্মঘাতী সত্তারা,
মাঝে মাঝেই নির্দয় তান্ডবে মেতে ওঠে,
ওদের মধ্যে কারও আছে লুকানো তীক্ষ্ণ নখর,
চোরাবালির মৃত্যুক্ষুধায় হন্তারক আঁচল বিছিয়ে
ধোয়াচ্ছন্ন ধূসর করে দেয় লালিত যাপিত নীল।
স্মৃতির জামদানি পাড়ে মনজ্বলা ন্যাপথলিন গন্ধ,
তবু ড্রয়ার ঘেঁটে পেয়ে যাওয়া,
বিস্মৃতির পিরামিড, গোপন কুঠুরীতে যক্ষবন্দী
কোনো মমি হয়ে যাওয়া দুঃখ,
লিখে দিতে পারে,-
নির্ঘুম প্রহরের বিনাপ্রেম দন্ডলিপি!
জ্যোৎস্নারা ভালোবাসবে সব জীবনকেই,
চাঁদটা তবু ছেলেবেলাকেই পিছু নিয়ে ফেরে চিরকাল।
এক একটা দিন ফুরিয়ে যায়,
হাত ফসকে উড়াল দেওয়া গ্যাস বেলুন,
খুকুর চোখে ছিল নির্ভেজাল বিস্ময়,
আগে খুব অবাক লাগতো একদিন মরে যাব ভেবে,
এখন খুব অবাক লাগে জাদুর মত বেঁচে আছি বলে!
কলমে কালি ফুরিয়ে গেলে ফেলে দিতে হয়,
অশ্রু ফুরিয়ে গেলে যেমন আর
বেঁচে থাকার কোনো মূল্যই থাকে না।
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




