তারপর ওরা আমাকে পুড়িয়ে মারলো হুলুস্থুল উল্লাসে,
মধ্যযুগের ডাইনী হবার কোন সুযোগই ছিল না আমার,
তখন নাকি পবিত্র সন্তদের উপস্থিতিতে,
যাকে বলে পুন্যঝরা উৎসব মুখর পরিবেশে,
ডাইনীদের পুড়িয়ে মারার রেওয়াজ ছিল।
দুর্ভাগা বঁধুদের সতী বাসনায় পুড়ে যাবার এখন চল নেই,
ওসব এখন বড় ব্যাকডেটেড হয়ে গেছে বোধহয়।
তবুও ওরা আমাকে জ্বালিয়ে দিল,
যান্ত্রিক শবদেহ ওদের আজ যথেষ্ঠ ছিল না,
সতেজ সজীব মাংস পোড়া ধূপ ছাড়া,
আজ আর চলছিল না কিছুতেই।
অথচ ওরা তো জানতো,-
যেই মাংস পুড়বে, তাতে ভালোবাসার পরশ ছিল ঝিলমিল,
যেই হাত পুড়বে, তাতে ভরসার ছোঁয়া ছিল জ্বলজ্বলে,
যেই বুক পুড়বে, তাতে এক দেবশিশুর বাগান ছিল মায়াতুর,
যেই চোখ পুড়বে, তাতে তাদেরই মত প্রতীক্ষা ছিল নীড়ে ফিরবার,
আমার মতই ওদের হৃদয়েও তো খেলেছে জীবনের অনির্বান পিয়াস,
তবুও ওরা আমাকে জ্বালিয়ে দিলো কমলা রঙের হিংস্রতায় মুড়ে,
ছিলাম মানুষ আমি, পড়ে থাকলো কিছু অকাল অর্থহীন ছাই,
তোমাদের সভ্যতায় আমার ছাই বুঝি খুব বড় প্রয়োজন ছিল?
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


