ৎঁ
আমি
আমার
পিরামিড
বুকের কোটরে
লখিন্দর লৌহকফিনে
ফালি ফালি মমি করে রাখি-
তোর সব দুঃখ আর স্বপ্ন, একলা গান,
তোর সব হড়িয়াল অরণ্য ভোর, ছেলেবেলার বৃষ্টি
সোনালু প্রহর, তোর সব ঘুঘু-সুখ ঘোর ঘোর অমানিশা পিছুটান,
আকাশ জোনাকী জারুল- মায়ালু রাত্রি, অশ্রু বিন্দু- মুক্তোর ফুলে; কাজল ভ্রমর,
চাঁদজাগা সমুদ্রে নিশালাগা নেশাতুর, অসহ্য উন্মাতান, আমাদের সেই সব- অতলের অভিযান!
ঞ্চঁ
তুই
নক্ষত্র
রাত শেষে
চাঁদ ডুব ভোরে
নীলিমার নেশায় চুর
গভীর নীল আকাশ হবি বলে-
মেঘ হয়ে শুধুই জল ভালোবাসবি বলে-
আমিও হেঁটেছিলাম পৃথিবীর সব সমুদ্রে সমুদ্রে
উটের কুঁজে জমিয়ে রেখেছিলাম কামনার শঙ্খ সরোবর!
হয়েছিলাম তীব্র দুপুর, শনশনে বেহুলা বাতাস, দিকশূন্য তেপান্তর!
তুই শুধুই অমরত্ব ভালোবেসেছিলি বলে, তুই কেবলই অনন্তের হতে চেয়েছিলি বলে-
বাসনা বালির বুকে- পিরামিড হয়ে মুখ গুজে পড়ে থেকেছি, জানে সেই স্ফিংস, জানে সব মরুঝড়!
*** পিরামিডের ছবি ঠিকঠাক আসলো না!
প্রথমত বামে স্পেস দিয়ে সরা যায় না, আর এক লাইনে কয়টা শব্দ ধরবে তার জায়গা নির্দিষ্ট করা, তাই সাজিয়ে গুছিয়ে দুইটা পিরামিড পাশাপাশি রাখা গেল না, আশা করি পাঠক কল্পনা করে নেবেন!
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



