একদা এক ক্রীতদাস
স্বপ্ন দেখেছিল
এক পাখি!
ডানায় সমুদ্রের গন্ধ,
চোখে ভোররাত্রির নিস্তব্ধতা
বুকে বেহুলা বাসনা ভাসিয়ে
সেইদিন এক ক্রীতদাস
ভালোবেসেছিল এক পাখি!
তার পায়ে বেড়ী ছিল, ইস্পাত
যদিও ঠোটে পোড়া বাঁশি
তার আকাশে মেঘ ছিল, সিঁদুর
যদিও কাঁধে ক্যাকটাস ঝাঁপি!
হাতে দৃশ্যমান ক্রুশ ঠোকা হয় নি
মুখে এক পেয়ালা হেমলক তুলে কেউ বলেনি- খাও!
শুধু এক পাখি থেমেছিল
গেয়েছিল পাশে বসে
সীমানা ভাংবার গান!
সেইবার এক জল
ভেসেছিল বাতাসে
হয়েছিল মেঘ
ঝরেছিল বৃষ্টি
আকাশে আকাশে!
সেইবার সেই ক্রীতদাস
ভালোবেসেছিল সেই পাখিটিরে
ক্রীতদাসেরা চিরকাল পাখিদের প্রেমে পড়েই থাকে!
পাখিরাও কি কখনও ভালোবাসে?
ডানা ঝাপটিয়ে উড়ে যাবার অনুবাদ কি সব জীবনেই চলে যাওয়া?
জানে শুধু দিগন্তে, ধূ ধূ
মিলিয়ে যায় যারা... ... ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


